সারাদেশ

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তৃতীয় লিঙ্গের প্রার্থী রানী


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫০ এএম

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তৃতীয় লিঙ্গের প্রার্থী রানী
ছবিঃ সংগৃহিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন রংপুর-৩ (সদর) আসনের স্বতন্ত্র প্রার্থী ও তৃতীয় লিঙ্গের প্রতিনিধি আনোয়ারা ইসলাম রানী। নির্বাচন থেকে সরে দাঁড়ানোয় হরিণ প্রতীকে ভোট না দেওয়ার আহ্বান জানান তিনি। 

শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রংপুর নগরীর নুরপুর নিজ বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে আনোয়ারা ইসলাম রানী বলেন, ‌‘আমি এই নির্বাচন থেকে সরে দাঁড়ালেও তৃতীয় লিঙ্গ ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার আদায়ের সংগ্রাম থেকে সরে দাঁড়াচ্ছি না। এটি কোনো পরাজয় নয়, বরং একটি নৈতিক ও রাজনৈতিক প্রতিবাদ। আমি দীর্ঘদিন ধরে হিজড়া জনগোষ্ঠীসহ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য জাতীয় সংসদে সংরক্ষিত আসনের দাবিতে আন্দোলন করেছি। নারীদের জন্য যেখানে সংরক্ষিত আসন রয়েছে, সেখানে তৃতীয় লিঙ্গসহ অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব এখনো সাংবিধানিকভাবে নিশ্চিত হয়নি, এটাই আমার মূল প্রতিবাদের জায়গা।

রানী আরও বলেন, ‌‘রাষ্ট্র যদি সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে চায়, তবে কাউকে পেছনে ফেলে রেখে উন্নয়ন সম্ভব নয়। আমাদের বারবার বলা হচ্ছে সমাজ বদলেছে, কিন্তু বাস্তবে রাজনৈতিক কাঠামোতে আমাদের কোনো জায়গা তৈরি হয়নি।’

এবারও জনগণের ভালোবাসা ও সমর্থন পেয়েছেন উল্লেখ করে তিনি বলেন, এর আগেও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে অংশ নিয়ে উল্লেখযোগ্যসংখ্যক ভোট পেয়ে দ্বিতীয় অবস্থান অর্জন করেছিলেন। তবে নির্বাচন প্রক্রিয়ায় কাঠামোগত বৈষম্য ও রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় নিয়েই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি বলেন, ‘আমি ভোটারদের বিভ্রান্ত করতে চাই না। আমার এই সরে দাঁড়ানো কোনো দলের পক্ষে বা বিপক্ষে নয়। এটি একটি নৈতিক অবস্থান, যাতে ভবিষ্যতে রাষ্ট্র বাধ্য হয় আমাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে।’

সংবাদ সম্মেলনে তিনি সব রাজনৈতিক দল, প্রার্থী ও সমর্থকদের প্রতি শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান। একই সঙ্গে তার সিদ্ধান্তকে কেন্দ্র করে কোনো ধরনের উত্তেজনা বা অপপ্রচার না চালানোর অনুরোধ করেন।

আনোয়ারা ইসলাম রানী রংপুরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘আপনারা আমাকে যেভাবে গ্রহণ করেছেন, পাশে দাঁড়িয়েছেন তা আমি আজীবন মনে রাখব। আমি আপনাদেরই একজন সাধারণ নাগরিক। আজ নির্বাচন থেকে সরে দাঁড়ালেও মানুষের পাশে থাকার অঙ্গীকার থেকে একচুলও সরছি না।’

 উল্লেখ্য, আনোয়ারা ইসলাম রানী দেশের তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর অধিকার আদায়ে দীর্ঘদিন ধরে সক্রিয় একজন সামাজিক সংগঠক ও মানবাধিকারকর্মী হিসেবে পরিচিত।