সারাদেশ
মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যা করলেন বাবা
ঝালকাঠির কাঁঠালিয়ায় নিজের মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যা করেছেন বাবা বারেক খান।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) ভোরে আমুয়া ইউনিয়নের ছোনাউটা গ্রামের এ ঘটনার পর তিনি ৯৯৯-এ কল করে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। এ ঘটনায় পুলিশ লাশ উদ্ধার করে অভিযুক্ত আব্দুল বারেক খানকে (৫৫) আটক করেছে।
কাঁঠালিয়া থানার ওসি মো. নাসের রহমান ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মেহেদী হাসান শুভ (২৫) দীর্ঘদিন মাদকাসক্ত ছিল। নেশার টাকার জন্য তিনি প্রায়ই মা-বাবাকে মারধর করতেন এবং এলাকাবাসীর সঙ্গেও ঝামেলায় জড়াতেন। দুর্ঘটনার আগের দিন সকালে শুভ বাবার কাছে তিন লাখ টাকা দাবি করেন। টাকা না পেয়ে বাড়িতে ভাঙচুর করেন। পরে সন্ধ্যার দিকে স্থানীয় বাজার থেকে একটি দা কিনে বাড়িতে ফেরেন এবং টাকা না দিলে মা-বাবাকে গলা কেটে হত্যার হুমকি দেন। বিষয়টি মা খুশি বেগম স্বামীকে জানালে নিরাপত্তার আশঙ্কায় তিনি রাতে অন্য ঘরে ঘুমান।
কাঁঠালিয়া থানা পুলিশ জানায়, ভোর ৪টার দিকে আব্দুল বারেক খান ঘুমন্ত অবস্থায় ছেলেকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেন। পরে নিজেই ৯৯৯ নম্বরে ফোন করে ঘটনাটি জানান। খবর পেয়ে কাঁঠালিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং অভিযুক্ত বাবাকে আটক করে থানায় নিয়ে যায়। নিহতের মা খুশি বেগম বাদী হয়ে স্বামী আব্দুল বারেক খানকে আসামি করে হত্যা মামলা করেছেন।
ঘটনাস্থল পরিদর্শন করে সহকারী পুলিশ সুপার (কাঁঠালিয়া-রাজাপুর সার্কেল) মো. শাহ আলম বলেন, নিহত যুবক মাদকাসক্ত ছিলেন এবং প্রায়ই পরিবারের সদস্যদের মারধর করতেন। ঘটনার রাতে তিন লাখ টাকা দাবি করে মা-বাবাকে হত্যার হুমকি দেন। এতে আতঙ্কিত ও অতিষ্ঠ হয়ে বাবা এ ঘটনা ঘটিয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।