সারাদেশ

বেকারিতে ব্যবহৃত ডালডার মধ্যে মরা ইঁদুর, প্রতিষ্ঠানকে জরিমানা


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৬ পিএম

বেকারিতে ব্যবহৃত ডালডার মধ্যে মরা ইঁদুর, প্রতিষ্ঠানকে জরিমানা
ছবি: ঢাকাপ্রকাশ

চুয়াডাঙ্গায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুটি বেকারি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত সদর উপজেলার দৌলতদিয়াড় ও রেলগেট বাজার এলাকায় এই তদারকিমূলক অভিযান পরিচালিত হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয় থেকে জানানো হয়, অভিযান চলাকালে অমানবিক ও অস্বাস্থ্যকর পরিবেশে মেসার্স মৌসুমী ফুড প্রোডাক্ট বেকারিতে ব্যবহৃত ডালডায় মরা ইঁদুর পাওয়া যায়। এছাড়া মেয়াদোত্তীর্ণ ফ্লেভার ব্যবহার এবং অগ্রিম তারিখ দিয়ে পণ্য তৈরির অপরাধে মালিক সাইদুর রহমানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, অনন্যা ফুড প্রোডাক্টে মেয়াদোত্তীর্ণ পাউরুটি পুনরায় নতুন করে প্যাকেটজাত করার দায়ে মালিক সাইদুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ও ৫১ ধারায় এই অর্থদণ্ড আদায় করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানগুলোকে দ্রুততম সময়ের মধ্যে ত্রুটি সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে।

রমজান উপলক্ষে বিশেষ তদারকি অভিযানের অংশ হিসেবে স্থানীয় হোটেল, সেমাই ও মসলার মিলেও তদারকি চালানো হয়। এ সময় ব্যবসায়ীদের মানসম্মত পণ্য বিক্রয় এবং মেয়াদোত্তীর্ণ বা নিম্নমানের পণ্য পরিহার করার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান এই অভিযান পরিচালনা করেন। অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সজীব পাল, ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম এবং চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি দল।