সারাদেশ

সিরাজগঞ্জে স্কুলশিক্ষকের বাড়িতে গাঁজা চাষ!


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ০৮:২০ পিএম

সিরাজগঞ্জে স্কুলশিক্ষকের বাড়িতে গাঁজা চাষ!
ছবিঃ সংগৃহিত

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার এক স্কুলশিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। এ সময় স্কুলশিক্ষক মাহবুবুর রহমান ওরফে মানিককে (৪৫) আটক করা হয়েছে।

রবিবার (০১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান অভিযান চালিয়ে গাছটি উদ্ধার করেন।

শিক্ষক মানিক চালিতাডাঙ্গা গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে। তিনি আনোয়ারা আজাদ মাধ্যমিক কারিগরি ও ভোকেশনাল ইনস্টিটিউটের সিভিল ও আর্কিটেকচার বিভাগের সিনিয়র ইনস্ট্রাক্টর। তিনি চালিতাডাঙ্গা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও উপজেলা যুবদলের সাবেক প্রচার সম্পাদক।

সোমবার দুপুরে কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

মোস্তাফিজুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মানিক মাস্টারের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার বাড়ির পেছন থেকে ১২ ফুট উচ্চতার প্রায় পাঁচ কেজি ওজনের একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়। তিনি গাছটি রোপণ করে পরিচর্যার মাধ্যমে বড় করছিলেন। অভিযানের সময় মাহবুবুর রহমান মানিক তার অপরাধ স্বীকার করেন। পরে কাজিপুর থানায় নিয়মিত মামলা দায়ের করে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

অভিযানকালে কাজিপুর থানার এসআই আবু সাইদ, সিরাজগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক নজরুল ইসলামসহ পরিদর্শক নিজাম উদ্দিন খান উপস্থিত ছিলেন।