সারাদেশ

ছেলের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলে আইনের আশ্রয়ে বাবা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৫ মার্চ ২০২৬, ০৬:৩৪ পিএম

ছেলের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলে আইনের আশ্রয়ে বাবা
ছবি: সংগৃহীত

কুমিল্লার বরুড়ায় পারিবারিক বিরোধের জেরে ছেলের বিরুদ্ধে নির্যাতন ও ভরণপোষণ না দেওয়ার অভিযোগ তুলেছেন এক বৃদ্ধ বাবা। এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগকারী মন্তাজ উদ্দিন (৬০) উপজেলার আদ্রা ইউনিয়নের মন্দুক দাশ বাড়ি এলাকার বাসিন্দা। তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তার বড় ছেলে আক্তার হোসেন তাকে অবহেলা করে আসছেন এবং নিয়মিত ভরণপোষণ দিচ্ছেন না। পাশাপাশি পারিবারিক বিষয় নিয়ে প্রায়ই তাকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

ঘটনার বিবরণে জানা যায়, গত ২২ মার্চ সকালে স্থানীয় একটি দোকানের সামনে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে আক্তার হোসেন ও তার সহযোগীরা ছোট ছেলে মামুন হোসেনকে মারধর করেন। এ সময় মন্তাজ উদ্দিন বাধা দিতে গেলে তাকেও মারধরের চেষ্টা করা হয় এবং পরিবারের সদস্যদের হুমকি দেওয়া হয়।

ভুক্তভোগী মন্তাজ উদ্দিন জানান, দীর্ঘ ৪৫ বছর রিকশা চালিয়ে সন্তানদের বড় করেছেন তিনি। কিন্তু বর্তমানে বড় ছেলে ও পুত্রবধূ তার সঙ্গে দুর্ব্যবহার করছেন এবং তাকে দেখাশোনা করছেন না। অপরদিকে, হামলার শিকার মামুন হোসেন বলেন, বড় ভাইয়ের নেতৃত্বে কয়েকজন তাকে আক্রমণ করে এবং স্থানীয়দের সহায়তায় তিনি রক্ষা পান।

অভিযোগে আক্তার হোসেনের স্ত্রীসহ আরও কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে। ঘটনার সময় স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা সেখান থেকে সরে যায়। পরে বিষয়টি স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়।

এ বিষয়ে অভিযুক্ত আক্তার হোসেন কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি জানান, বর্তমানে তিনি অসুস্থ এবং মানসিক চাপে রয়েছেন।

অভিযোগ তদন্তকারী কর্মকর্তা এসআই শুভ জানান, দুই ভাইয়ের মধ্যে আগে থেকেই বিরোধ ছিল। অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।