সারাদেশ

কোস্ট গার্ডের অভিযানে ২৮০ কেজি অবৈধ ইলিশ জব্দ


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৩০ মার্চ ২০২৬, ০৭:৪২ পিএম

কোস্ট গার্ডের অভিযানে ২৮০ কেজি অবৈধ ইলিশ জব্দ
ছবি: ঢাকাপ্রকাশ

পটুয়াখালীর রাঙ্গাবলীতে দেশের রূপালি ইলিশের প্রজনন ও অভয়াশ্রম রক্ষায় অভিযান চালিয়ে প্রায় ২৮০ কেজি অবৈধ জাটকা ও মা ইলিশ জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দকৃত মাছের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৯৬ হাজার টাকা।

সোমবার (৩০ মার্চ) উপজেলার দারছিরা নদীসংলগ্ন চরবিশ্বাস এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

কোস্ট গার্ড দক্ষিণ জোনের বিসিজি আউটপোস্ট রাঙ্গাবালীর একটি দল সকাল ৮টা ৩০ মিনিট থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত নিয়মিত টহল দিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে টহল দলটি দারছিরা নদীর চরবিশ্বাস ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান নেয়। এ সময় একটি সন্দেহভাজন যাত্রীবাহী ‘স্টিল বডি’ ট্রলারে তল্লাশি চালিয়ে অবৈধভাবে আহরণকৃত বিপুল পরিমাণ জাটকা উদ্ধার করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মূল হোতারা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

অভিযান শেষে জব্দকৃত মাছগুলো রাঙ্গাবালী উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় বিভিন্ন এতিমখানা ও দুস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়।

মাছ.jpg

কোস্ট গার্ড জানিয়েছে, দেশের মৎস্যসম্পদ রক্ষা এবং ইলিশের বংশবিস্তার নিশ্চিত করতে নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। ইলিশ ও জাটকা নিধনে জড়িতদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয় সচেতন মহল কোস্ট গার্ডের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছে, এ ধরনের অভিযান অব্যাহত থাকলে অসাধু চক্রের দৌরাত্ম্য কমবে এবং ইলিশের উৎপাদন বৃদ্ধি পাবে।