সারাদেশ
পাবনায় ছাত্রদল নেতাকে গুলি করে হত্যা
পাবনার ঈশ্বরদীতে ইমরান হোসেন সোহাগ (২৫) নামে এক ছাত্রদল নেতাকে গুলির পর কুপিয়ে হত্যা করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (০২ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সাড়া গোপালপুর স্কুলের সামনে এ ঘটনা ঘটে।
নিহত ইমরান হোসেন সোহাগ উপজেলা ছাত্রদলের প্রস্তাবিত কমিটির সাধারণ সম্পাদক ও জিয়া সাইবার ফোর্স উপজেলা শাখার সদস্য সচিব।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্কুলের সামনে সোহাগকে একা পেয়ে একদল সশস্ত্র লোক তাকে ঘিরে ধরে এবং কোন কিছু বুঝে ওঠার আগেই খুব কাছে থেকে গুলি করে। পরে তার শরীরে একাধিক ছুরিকাঘাত করে এবং মৃত্যু নিশ্চিত করে তারা লাশ ফেলে রেখে ঘটনাস্থল ত্যাগ করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রনব কুমার বলেন, কী কারণে এবং কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে- তা এখনই বলা যাচ্ছে না। পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে।