সারাদেশ

ধেয়ে আসছে বন্যা, বিপৎসীমার ওপর ৭ নদীর পানি


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৪ মে ২০২৬, ০১:৫৬ পিএম

ধেয়ে আসছে বন্যা, বিপৎসীমার ওপর ৭ নদীর পানি
ছবি: সংগৃহীত

দেশের উত্তর-পূর্বাঞ্চলে টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানির কারণে সাতটি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে এলাকায় বন্যার আশঙ্কা তৈরি হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

সোমবার (৪ মে) পাউবোর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, গত ২৪ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে। ফলে একাধিক নদীতে পানির স্তর দ্রুত বৃদ্ধি পেয়েছে।

পাউবো’র তথ্যমতে, সুনামগঞ্জ, নেত্রকোনা ও হবিগঞ্জ জেলার অন্তত আটটি পর্যবেক্ষণ স্টেশনে নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

সুনামগঞ্জের নলজুর নদীর পানি ৪০ সেন্টিমিটার ওপরে রয়েছে। নেত্রকোনার ধনু-বাউলাই নদীতে পানি ৮ সেন্টিমিটার এবং সোমেশ্বরী নদীতে ৫০ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হচ্ছে, যদিও সেখানে কিছু স্থানে পানি কমার প্রবণতা দেখা গেছে।

অন্যদিকে ভুগাই-কংশ নদীতে পানি ৬৭ সেন্টিমিটার, মগরা নদীতে ৭৯ সেন্টিমিটার এবং আরেকটি মগরা নদী অংশে ২৭ সেন্টিমিটার ওপরে রয়েছে।

হবিগঞ্জে কালনি নদীর পানি ১০ সেন্টিমিটার এবং সুতাং নদীর পানি ৮৩ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হচ্ছে।

পাউবো জানিয়েছে, হাওর অঞ্চলের নদীগুলোতে পানির প্রবাহ খুব ধীর গতিতে বাড়ছে—ঘণ্টায় প্রায় ০ থেকে ১ সেন্টিমিটার হারে।

এদিকে প্রতিবেশী ভারতের মেঘালয় ও আসামে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা উজান থেকে পানি প্রবাহ বাড়ার একটি কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

চেরাপুঞ্জিতে ১৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে বলেও জানানো হয়েছে।

পাউবো বলছে, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে।