সারাদেশ
বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় দল আর্জেন্টিনা: স্পিকার
যশোরের হামিদপুরে শামস-উল-হুদা ফুটবল একাডেমিতে আয়োজিত ‘এএফসি গ্রাসরুট ফুটবল ডে ও ওয়ার্ল্ড ফুটবল ডে ২০২৬’ অনুষ্ঠানে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় ফুটবল দল আর্জেন্টিনা।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা বক্তব্য দিতে উঠতেই উপস্থিত দর্শকদের ব্যাপক করতালি প্রমাণ করে দেয়, বাংলাদেশে আর্জেন্টিনার জনপ্রিয়তা কতটা বেশি।
স্পিকার আরও বলেন, দেশের ক্রীড়াঙ্গনে নাসের শাহরিয়ার জাহেদীর মতো আরও কয়েকজন ক্রীড়াপ্রেমী থাকলে বাংলাদেশ অনেক আগেই বিশ্বকাপের কাছাকাছি পৌঁছে যেতে পারত।
শিশুদের ফুটবল খেলা দেখে নিজের তরুণ বয়সের স্মৃতিচারণও করে তিনি বলেন, যশোর তাঁর সবচেয়ে প্রিয় শহরগুলোর একটি। তিনি যশোর ক্যান্টনমেন্টে যুদ্ধ করেছেন এবং চাকরিও করেছেন। শামসুল হুদার নামে স্টেডিয়াম ও ফুটবল একাডেমি প্রতিষ্ঠাকে তিনি প্রশংসনীয় উদ্যোগ বলে উল্লেখ করেন।
দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল। এ সময় বেলুন ও ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা এবং পাকিস্তান হাইকমিশনের ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট অ্যাটাচি জাইন আজিজ।
বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেন, দেশের গ্রাসরুট ফুটবল উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে। ভবিষ্যতে আর্জেন্টিনা থেকে কোচ আনার পাশাপাশি প্রতিভাবান খেলোয়াড়দের আর্জেন্টিনায় পাঠানোর বিষয়ও ভাবা হচ্ছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশেক হাসান, জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম (পিপিএম), শামসুল হুদা ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা ও র্যাডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের কর্ণধার মো. নাসের শাহরিয়ার জাহেদী, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ অন্যরা।