সারাদেশ
বজ্রপাত ও ঝড়ে দেশের পাঁচ জেলায় ৬ জন নিহত
বজ্রপাত ও ঝড়ে দেশের পাঁচ জেলায় ৬ জন প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে রাজবাড়ীর গোয়ালন্দে মাছ শিকারি, জামালপুরে কৃষক, চাঁদপুরে যুবক ও সিএনজিচালিত অটোরিকশাচালক, মুন্সীগঞ্জে শ্রমিক এবং দিনাজপুরের বোচাগঞ্জে গৃহবধূ রয়েছেন।
প্রতিনিধিদের দেওয়া তথ্য অনুযায়ী-
গোয়ালন্দ (রাজবাড়ী) : গোয়ালন্দে বজ্রপাতে মারা যাওয়া রমজান আলী রাজবাড়ী সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়নের নিমতলা গ্রামের মৃত খৈমুদ্দিনের ছেলে। রবিবার রাতে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নে মরা পদ্মা নদীতে দুর্ঘটনাটি ঘটে।
জানা গেছে, রমজান তার এক সঙ্গীকে নিয়ে রোববার বিকালে মরা পদ্মা নদীর রফুর দোকান এলাকায় মাছ ধরার উদ্দেশ্যে আসেন। রাত সাড়ে ৮টার দিকে ঝড়-বৃষ্টি শুরু হয়। এ সময় তার সঙ্গী দৌড়ে নদীর তীরে গিয়ে নিরাপদে আশ্রয় নেন। রমজানও দৌড়ে পাড়ে ওঠার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান।
জামালপুর : ধান কাটার কাজ করার সময় বজ্রপাতে মারা যাওয়া আব্দুল হালিম জামালপুর সদর উপজেলার ডেংগারঘর টেকিপাড়া গ্রামের ফজলুল হক ফজুর ছেলে। সোমবার বৃষ্টি শুরু হলে বজ্রপাতে ধানখেতেই মারা যান কৃষক হালিম।
চাঁদপুর : বসতঘরে অবস্থানকালে বজ্রপাতে মারা যাওয়া শুক্কুর লোধেরগাঁও গ্রামের সিরাজ মুন্সির ছেলে। রবিবার রাতে চাঁদপুর সদর উপজেলার লোধেরগাঁও গ্রামে দুর্ঘটনাটি ঘটে। এদিকে চাঁদপুরে ঝড়ে চলন্ত সিএনজিচালিত অটোরিকশার ওপর গাছ পড়ে নিহত হয়েছেন চালক হেলাল হোসেন। সোমবার শহরের চান্দ্রা চৌরাস্তায় দুর্ঘটনাটি ঘটে।
মুন্সীগঞ্জ : বজ্রপাতে নিহত হাসান খান পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার বাসিন্দা। সোমবার মুন্সীগঞ্জ সদর উপজেলার পশ্চিম মুক্তারপুর ধলেশ্বরী নদীতে নোঙর করা একটি জাহাজে দুর্ঘটনাটি ঘটে।
দিনাজপুর : কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড হয়েছে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার বেশকিছু এলাকা। ভেঙে পড়েছে অসংখ্য গাছপালা, ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য ঘরবাড়ি। ঝড়ে ঘরের ওপর গাছ ভেঙে পড়ে নিহত জবেদা বেগম বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌর এলাকার জাবেদ আলীর স্ত্রী। সোমবার (২৫ মে) ভোরে এ দুর্ঘটনাটি ঘটে।