সারাদেশ
স্বামীর লাশ নিয়ে বাড়ি ফেরার পথে মর্মান্তিক মৃত্যু স্ত্রীর, প্রাণ গেল অ্যাম্বুলেন্স চালকেরও
ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় স্বামীর মৃত্যু হওয়ার পর তার মরদেহ নিয়ে গ্রামের বাড়ি ফিরছিলেন জাহানারা বেগম (৫৫)। তবে গন্তব্যে পৌঁছানোর আগেই নড়াইলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাতে হয় তাকে। একই ঘটনায় নিহত হয়েছেন অ্যাম্বুলেন্স চালক আকবার হোসেন এবং আহত হয়েছেন আরও পাঁচজন।
বুধবার (৩ জুন) সকালে নড়াইল-ঢাকা মহাসড়কের নড়াইল সদর উপজেলার পূর্ব বালিয়াডাঙ্গা এলাকায় বাদশার গ্যারেজের সামনে যাত্রীবাহী বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহানারা বেগম রাজারবাগ পুলিশ স্টাফ কলেজে কর্মরত উপপরিদর্শক আবু তাহেরের মা এবং মৃত ইসমাইল হোসেনের স্ত্রী। অন্যদিকে নিহত অ্যাম্বুলেন্স চালক আকবার হোসেন লক্ষ্মীপুরের রামগতি উপজেলার পূর্ব চর কোলাকোপা গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইসমাইল হোসেন মারা গেলে তার মরদেহ নিয়ে স্বজনদের সঙ্গে অ্যাম্বুলেন্সে করে যশোরের মাহিদিয়া গ্রামের উদ্দেশ্যে রওনা দেন জাহানারা বেগম। অ্যাম্বুলেন্সে মোট নয়জন যাত্রী ছিলেন।
সকালে পূর্ব বালিয়াডাঙ্গা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই জাহানারা বেগমের মৃত্যু হয়।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অজয় কুমার কুন্ডু জানান, গুরুতর আহত অবস্থায় অ্যাম্বুলেন্স চালককে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। আহত পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার পর পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে আহতদের হাসপাতালে পাঠায় এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।