সারাদেশ
ঝিনাইদহে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে গণপিটুনিতে ১ জনের মৃত্যু
ঝিনাইদহে সাত বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গণপিটুনির শিকার বিল্লাল হোসেন (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে ঝিনাইদহ সদর উপজেলার পাগলাকানাই ইউনিয়নের চরখাজুরা গ্রামের ঝিনুক মালা আবাসন প্রকল্প এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত বিল্লাল হোসেন মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার দেওলি গ্রামের বরকত আলী বিশ্বাসের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিল্লাল প্রায় সাত দিন আগে ওই আবাসন প্রকল্পে একটি ঘর ভাড়া নেন। বৃহস্পতিবার দুপুরে তিনি এক শিশুকে মিষ্টি খাওয়ার প্রলোভন দেখিয়ে ঘরে নিয়ে যান। অভিযোগ রয়েছে, শিশুটিকে ১০ টাকা দিয়ে ঘরে নেওয়ার পর ধর্ষণের চেষ্টা করেন।
এ সময় শিশুটির চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এসে বিল্লালকে হাতেনাতে আটক করেন। পরে উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। গুরুতর আহত অবস্থায় পুলিশ তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করলে সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঘটনার পর শিশুটির মা সীমা খাতুন বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় ধর্ষণ চেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করেছেন।
ঝিনাইদহ সদর থানার ওসি (তদন্ত) গোকুল চন্দ্র বিষয়টি নিশ্চিত করে জানান, যৌন নিপীড়নের দায়ে একজনকে আটক করা হয়েছে। আহত হওয়ায় তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আমরা আইন মোতাবেক ব্যবস্থা নেব।