সারাদেশ
মসজিদে চুরি হওয়া পৌনে ২ লাখ টাকাসহ আটক ২
চট্টগ্রাম নগরের সদরঘাট থানা এলাকায় একটি জামে মসজিদের অফিস কক্ষ থেকে ২ লাখ ২০ হাজার টাকা চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে পুলিশ।
গতকাল শুক্রবার (১৯ জুন) জুমার নামাজের আগে মসজিদের ইমাম তামজিদ রহমান অফিস কক্ষে ২ লাখ ২০ হাজার টাকা রেখে যান। পরে আসরের নামাজ শেষে তিনি ওই কক্ষে গিয়ে দেখেন টাকা যথাস্থানে নেই।
অফিস কক্ষের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে টাকা না পেয়ে পরে মসজিদের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হয়। ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি কৌশলে অফিস কক্ষে ঢুকে টাকা নিয়ে চলে যাচ্ছে।
এ ঘটনায় গতকাল রাত সাড়ে ৯টার দিকে মসজিদের ইমাম সদরঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরপরই সদরঘাট থানার এএসআই ইসমাইল ও এএসআই মোশফিক সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চুরির সঙ্গে জড়িত আরিফ (৩৬) নামে এক ব্যক্তিকে শনাক্ত করেন।
পরবর্তী সময়ে পুলিশের একটি বিশেষ দল হালিশহর থানার ঈদগাহ বরফকল এলাকার সোনা শাহ মাজার সংলগ্ন শফি সওদাগরের বাড়িতে অভিযান চালায়। সেখান থেকে আরিফকে আটক করা হয় এবং এসআই হীরকসহ উপস্থিত পুলিশ সদস্যদের সামনে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১ লাখ ২৬ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।
পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে এই চুরির ঘটনায় জড়িত মো. সুমন (৩৬) নামে অন্য এক ব্যক্তিকে আটক করে পুলিশ। এ সময় সুমনের কাছ থেকে চুরির আরও ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়। দুই আসামির কাছ থেকে সর্বমোট ১ লাখ ৮৬ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়েছে।
এ ঘটনায় সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, ‘মসজিদের টাকা চুরির অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে আসামিদের শনাক্ত ও আটক করতে সক্ষম হয়।
তিনি আরও বলেন, চুরির সিংহভাগ টাকাও উদ্ধার করা হয়েছে। যাদের আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।