সারাদেশ

এক ছাগল ছানা তুলতে গিয়ে টাঙ্গাইলে প্রাণ গেল বাবা-ছেলেসহ ৪ জনের  


প্রতিনিধি, টাঙ্গাইল
প্রকাশ: ২০ জুন ২০২৬, ১১:৪৩ এএম

এক ছাগল ছানা তুলতে গিয়ে টাঙ্গাইলে প্রাণ গেল বাবা-ছেলেসহ ৪ জনের  
ছবিঃ সংগৃহীত

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত সেফটি ট্যাংকের গর্তে পড়ে ছাগল উদ্ধার করতে গিয়ে একই পরিবারের ৪ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মৃত্যু হয়েছে।

আজ শনিবার (২০ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার টেলকি জলই এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন— উপজেলার জলই টেলকি এলাকার গ্রাব্রিয়েল নকরেক (৪৫), রতন নকরেক (২৫), বাবলু হাদিমা (৩৫) ও নেইমার ম্রং (১০)। তারা সকলেই একই পরিবারের সদস্য।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে একটি ছাগল পরিত্যক্ত সেফটি ট্যাংকের ভেতরে পড়ে যায়। ছাগলটিকে উদ্ধার করার জন্য প্রথমে গ্রাব্রিয়েল নকরেক ট্যাংকের ভেতরে নামেন। কিছুক্ষণ পর তিনি কোনো সাড়া না দিলে তাকে উদ্ধারের জন্য একে একে আরও তিনজন ট্যাংকের ভেতরে প্রবেশ করেন। কিন্তু তারাও আর সেফটি ট্যাংকের ভেতর থেকে বাইরে উঠে আসতে পারেনি। পরে মধুপুর ফায়ার সার্ভিস খবর পেয়ে ৪ জনের মরদেহ উদ্ধার করে। 

এ ঘটনায় মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.কেএম ফজলুর হক ঢাকাপ্রকাশকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহগুলো উদ্ধার করে আইগত ব্যবস্থা নেওয়া হবে।