সারাদেশ
গাজীপুরে মাদকের টাকা না পেয়ে সন্তানের সামনে মাকে হত্যা, স্বামী গ্রেপ্তার
গাজীপুরের শ্রীপুরে মাদকের টাকা দিতে অস্বীকৃতি জানানোয় দুই অবুঝ সন্তানের সামনে স্ত্রীকে নির্মমভাবে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় অভিযুক্ত স্বামী ছায়েদুল ইসলামকে (৪০) ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার করেছে র্যাব-১।
আজ মঙ্গলবার (১৪ জুলাই) রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র্যাব-১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নেয়ামুল হালিম চৌধুরী এ তথ্য জানান।
তিনি বলেন, গত ১৩ জুলাই রাত আনুমানিক আড়াইটার দিকে শ্রীপুর পৌরসভা এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত নাসিমা আক্তার (২৭) নেত্রকোণার পূর্বধলা উপজেলার বনপাড়া গ্রামের আব্দুল মান্নানের মেয়ে। তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন। তার স্বামী ছায়েদুল ইসলাম ময়মনসিংহের তারাকান্দা উপজেলার গীর্দাপাড়া গ্রামের বাসিন্দা। দম্পতি তাদের আট বছর বয়সী এক মেয়ে ও পাঁচ বছর বয়সী এক ছেলেকে নিয়ে শ্রীপুরে ভাড়া বাসায় থাকতেন।
র্যাব জানায়, ছায়েদুল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং নিয়মিত নেশার টাকা জোগাড় করতে স্ত্রীর কাছে অর্থ দাবি করতেন। এ নিয়ে তাদের সংসারে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগে থাকত।
প্রাথমিক তদন্তে জানা যায়, গত ১২ জুলাই কারখানা থেকে বেতন পেয়ে বাসায় ফেরেন নাসিমা। রাতে ছায়েদুল তার কাছে তিন হাজার টাকা দাবি করেন। নাসিমা টাকা দিতে অস্বীকৃতি জানালে দুজনের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ছায়েদুল ধারালো ছুরি দিয়ে স্ত্রীর শরীরে এলোপাতাড়ি আঘাত করেন। এতে ঘটনাস্থলেই নাসিমার মৃত্যু হয়।
সবচেয়ে মর্মান্তিক বিষয় হলো, হত্যাকাণ্ডের সময় ঘরেই ছিল তাদের দুই শিশু সন্তান। তাদের সামনেই মাকে নৃশংসভাবে হত্যা করা হয়।
র্যাবের অধিনায়ক জানান, ঘটনার পরপরই অভিযান চালিয়ে ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত ছায়েদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
ছায়েদুল ইসলামের বিরুদ্ধে পূর্বে কোনো অপরাধের মামলা রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে লেফটেন্যান্ট কর্নেল নেয়ামুল হালিম চৌধুরী বলেন, তার বিরুদ্ধে আগের কোনো মামলার রেকর্ড পাওয়া যায়নি। তবে তিনি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং স্ত্রীর কাছ থেকে টাকা নিয়ে নিয়মিত মাদক সেবন করতেন।