সারাদেশ
পৌনে ২ ঘণ্টা পরীক্ষা দেওয়ার পর জানা গেল প্রশ্নটি ছিল ২০২৫ সালের
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ভুল প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষার আয়োজন নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, ইতিহাস প্রথম পত্রের পরীক্ষায় শিক্ষার্থীদের ২০২৬ সালের পরিবর্তে ২০২৫ সালের প্রশ্নপত্র দেওয়া হয়। পরে বিষয়টি ধরা পড়লে পরীক্ষা স্থগিত করে সঠিক প্রশ্নপত্রে পুনরায় পরীক্ষা নেওয়া হয়।
রোববার (১৯ জুলাই) সকালে উপজেলার বড়ভিটা স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে। নির্ধারিত সময় সকাল ১০টায় পরীক্ষা শুরু হলেও শিক্ষার্থীরা প্রায় পৌনে দুই ঘণ্টা ভুল প্রশ্নে পরীক্ষা দিতে থাকেন। পরে শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে কর্তৃপক্ষ বিষয়টি বুঝতে পেরে পরীক্ষা বন্ধ করে দেয় এবং নতুন প্রশ্নপত্র সরবরাহ করে।
শিক্ষার্থীরা জানান, শুরুতে তারা বুঝতে পারেননি প্রশ্নটি আগের বছরের। প্রায় ১১টা ৪৫ মিনিটের দিকে বিষয়টি স্পষ্ট হলে শিক্ষককে জানানো হয়। এরপর পরীক্ষা পুনরায় শুরু করে সময় বাড়িয়ে দুপুর ২টা ২০ মিনিট পর্যন্ত নেওয়া হয়।
পরীক্ষার্থী পলক বলেন, প্রথমে কিছুই বোঝা যায়নি। অনেকক্ষণ পর বুঝতে পারি প্রশ্নটি ২০২৫ সালের। জানালে শিক্ষকরা সেটি পরিবর্তন করেন।
আরেক শিক্ষার্থী হাসান অভিযোগ করে বলেন, শিক্ষকদের গাফিলতির কারণে তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। ভুল প্রশ্নে পরীক্ষা দেওয়ার পর আবার নতুন করে পরীক্ষা দিতে হয়েছে।
শুভ মিয়া নামের এক পরীক্ষার্থী জানান, প্রায় পৌনে দুই ঘণ্টা লেখার পর নতুন প্রশ্ন দেওয়া হয়। তখন আবার নতুন করে সাতটি সৃজনশীল প্রশ্নের উত্তর লিখতে হয়েছে।
এ বিষয়ে কেন্দ্র সচিব ও বড়ভিটা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ বাদশা আলমগীর দাবি করেন, সঠিক প্রশ্নেই পরীক্ষা নেওয়া হয়েছে। তবে শিক্ষার্থীদের অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বিস্তারিত কিছু না বলে ফোন সংযোগ বিচ্ছিন্ন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান জানান, ঘটনাটি তদন্তে একটি কমিটি গঠন করা হচ্ছে। তিনি বলেন, কেন্দ্রে ৪৯০ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৭৯ জন উপস্থিত ছিলেন, তবে সব কক্ষে এমন ঘটনা ঘটেনি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুজ্জামান বলেন, বিষয়টি তাদের জানা আছে এবং এ নিয়ে দ্রুত আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।