সারাদেশ

শ্রীনগরে এক্সপ্রেসওয়ে পারাপারে দুর্ঘটনায় অজ্ঞাত নারীর দুই পা ভাঙল


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ০৯:১৩ এএম

শ্রীনগরে এক্সপ্রেসওয়ে পারাপারে দুর্ঘটনায় অজ্ঞাত নারীর দুই পা ভাঙল
ছবিঃ সংগৃহীত

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত একটি গাড়ির চাপায় এক অজ্ঞাতপরিচয় নারী গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনায় তার দুই পা ভেঙে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

আজ মঙ্গলবার (২৮ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনের ষোলঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, সকালে খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত ওই নারীকে উদ্ধার করে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাস্তা পারাপারের সময় অজ্ঞাত একটি গাড়ির চাপায় ওই নারী আহত হন। দুর্ঘটনায় তার উভয় পা ভেঙে গেছে। তবে তাৎক্ষণিকভাবে আহত নারীর পরিচয় জানা যায়নি।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও বলেন, এক্সপ্রেসওয়ে বা মহাসড়ক পারাপারের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা উচিত। যেখানে ফুটওভার ব্রিজ বা আন্ডারপাস রয়েছে, সেখানে অবশ্যই সেগুলো ব্যবহার করে রাস্তা পারাপার করতে হবে।

এদিকে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার সঙ্গে জড়িত গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।