সারাদেশ

রূপগঞ্জের মানুষকে উচ্ছেদ করার কোনো অপচেষ্টা সফল হতে দেব না: এমপি দিপু


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ১১:৫৭ এএম

রূপগঞ্জের মানুষকে উচ্ছেদ করার কোনো অপচেষ্টা সফল হতে দেব না: এমপি দিপু
ছবিঃ সংগৃহীত

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান দিপু ভূইয়া বলেছেন, পূর্বাচল প্রকল্পের জন্য বিপুল পরিমাণ জমি অধিগ্রহণের ফলে রূপগঞ্জের অনেক মানুষ নিজেদের জমির মালিকানা হারিয়েছেন। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, শুধু পূর্বাচল নয়, রূপগঞ্জ, কায়েতপাড়া ও দাউদপুর ইউনিয়নকেও ঢাকার আওতায় নেওয়ার চেষ্টা চলছে।

রূপগঞ্জে এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

পূর্বাচলকে ঢাকার আওতায় নেওয়ার প্রসঙ্গ তুলে দিপু ভূইয়া বলেন, “তারা জানে, এ বিষয়ে সবচেয়ে বড় আন্দোলন আমি করব। এখন রূপগঞ্জ, দাউদপুর ও কায়েতপাড়া ইউনিয়নকেও ঢাকার আওতায় নেওয়ার চেষ্টা চলছে।”

তিনি বলেন, “প্রয়োজনে রূপগঞ্জের প্রতিটি ঘর থেকে মানুষকে রাস্তায় নামতে হবে। আমি বেঁচে থাকতে রূপগঞ্জের মানুষকে উচ্ছেদ করার কোনো অপচেষ্টা সফল হতে দেব না।”

এমপি দিপু বলেন, ১৯৯৫ সালে পূর্বাচল প্রকল্প গ্রহণের সময় যদি স্থানীয়রা ঢাকা থেকে রূপগঞ্জ পর্যন্ত একটি প্রশস্ত সড়ক নির্মাণের দাবি তুলতেন, তাহলে এত বিপুল পরিমাণ জমি অধিগ্রহণের প্রয়োজন হতো না।

তার ভাষ্য, পূর্বাচল প্রকল্পের জন্য অনেকের শত শত বিঘা জমি অধিগ্রহণ করা হয়েছে। সে সময় ক্ষতিগ্রস্ত জমির মালিকদের একটি করে প্লট দেওয়ার আশ্বাস দেওয়া হলেও এখনও অনেকেই সেই প্লট পাননি।

তিনি বলেন, “সেই সময়ের ভুল সিদ্ধান্তের খেসারত এখন রূপগঞ্জবাসীকে দিতে হচ্ছে। আজ রূপগঞ্জবাসীর নিজের জমিই আর তাদের হাতে নেই; বিভিন্ন ব্যক্তি সেই জমির মালিক হয়ে গেছেন।”

তিনি আরও বলেন, “তখন যদি ১০০ বা ৩০০ মিটার প্রশস্ত সড়ক নির্মাণের জন্য জমি অধিগ্রহণ করা হতো, তাহলে এত বিস্তীর্ণ এলাকা নেওয়ার প্রয়োজন পড়ত না। কিন্তু যথাযথ পরিকল্পনার অভাবে রূপগঞ্জবাসীর বিপুল পরিমাণ জমি অধিগ্রহণ করা হয়েছে।”

নিজের রাজনৈতিক অবস্থান তুলে ধরে দিপু ভূইয়া বলেন, “রূপগঞ্জবাসী আমাকে যে দায়িত্ব দিয়েছে, তাদের কল্যাণে প্রয়োজনে জীবন উৎসর্গ করতেও আমি প্রস্তুত। আমাকে যত হুমকিই দেওয়া হোক না কেন, আমার সবচেয়ে বড় শক্তি রূপগঞ্জবাসী।”

তিনি আরও বলেন, “আমি কোনো অন্যায় করিনি, কারও অধিকার নষ্ট করিনি। তাই আমি নির্ভয়ে চলাফেরা করি। আমি জানি, রূপগঞ্জবাসী সবসময় আমার সঙ্গে আছে।”