সারাদেশ

জামালপুরে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন 


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ০২:৫২ পিএম

জামালপুরে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন 
ছবিঃ সংগৃহীত

জামালপুরে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।  

আজ বুধবার (০৫ আগস্ট ২০২৬) সকাল ৮টায় জামালপুর সরকারি আশেক মাহমুদ বিশ্ববিদ্যালয় কলেজ প্রাঙ্গণে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে এ শ্রদ্ধা নিবেদন কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জুলাই শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন।

শ্রদ্ধা নিবেদন শেষে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। পরে তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন জামালপুরের জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক,জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুফ আলী, পুলিশ সুপার ফারহানা ইয়াসমিন, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।