সারাদেশ

কক্সবাজারে বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ০৪:২৮ পিএম

কক্সবাজারে বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
ছবিঃ সংগৃহীত

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া খুটাখালীতে বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫ জন। 

আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৬টায় কক্সবাজারের চকরিয়া থানাধীন খুটাখালি নয়াপাড়া বায়তুল মামুর জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- চকরিয়ার খুটাখালী সেগুনবাগিচা গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে মো. জসিম উদ্দিন (২৫), ফুলছড়ি শিয়াপাড়ার মৃত মনজুর আলমের ছেলে মো. শাহেদ (২৭), ইদগাঁও উপজেলার মৃত আবুল কাশেমের ছেলে মোহাম্মদ রফিক (২৮) এবং আমিনুল হকের ছেলে মো. জিয়াবুল হক (২৫)।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নোয়াখালী সদর থেকে ছেড়ে আসা লাল সবুজ পরিবহণের একটি বাস কক্সবাজারের দিকে যাচ্ছিল। অন্যদিকে, ইদগাঁও থেকে যাত্রী নিয়ে একটি লেগুনা চকরিয়ার দিকে রওয়ানা হয়। খুটাখালী নয়াপাড়া এলাকায় পৌঁছে বাসটি লেগুনাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে লেগুনাটি দুমড়েমুচড়ে যায় এবং ভেতরে থাকা যাত্রীরা গুরুতর আহত হন।

​স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল ও মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যান। এরমধ্যে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন শাহেদ, রফিক ও জিয়াবুলের মৃত্যু হয়।  

অন্যদিকে, মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন জসিম উদ্দিনের মৃত্যু হয়।

এ বিষয়ে মালুম ঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গনি জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস ও লেগুনা জব্দ করা হয়েছে এবং এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।