সারাদেশ

নারায়ণগঞ্জে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হত্যা, ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ০৫:১৮ পিএম

নারায়ণগঞ্জে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হত্যা, ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ওয়াজেদ আলম সীমান্ত হত্যা মামলায় তিন ছিনতাইকারীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে আসামিদের উপস্থিতিতে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন অনিক, আকাশ খান ও চান্দি বাবু। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী নাজিবুল্লাহ বিপু।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১২ ডিসেম্বর ভোর ৬টার দিকে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের কম্পিউটার বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সীমান্ত বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় মর্গ্যান বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে ছিনতাইকারীদের কবলে পড়েন। ছিনতাইয়ে বাধা দিলে একপর্যায়ে ছিনতাইকারীদের সঙ্গে তার ধস্তাধস্তি হয়। এ সময় ছিনতাইকারীরা তাকে শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে ব্যাগ ও মুঠোফোন নিয়ে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সীমান্তকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৪ ডিসেম্বর তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের বাবা হাজী আলম বাদী হয়ে হত্যা মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে মামলার তিন আসামিকে গ্রেপ্তার করে। আদালতে তারা ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

মামলায় ২৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত তিন আসামিকে মৃত্যুদণ্ড দেন।

রায়ে সন্তোষ প্রকাশ করেছেন বাদীপক্ষের আইনজীবী। তিনি আশা প্রকাশ করেন, উচ্চ আদালতেও এ রায় বহাল থাকবে এবং দ্রুত তা কার্যকর হবে।

নিহত সীমান্তের বাবা রায়ে সন্তোষ প্রকাশ করে দণ্ড দ্রুত কার্যকর করার দাবি জানিয়েছেন।