সারাদেশ

‘নেশাগ্রস্ত’ অবস্থায় অনুষ্ঠানে, বিএনপি নেতা শাহাদাত বহিষ্কার


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ০৯:৩৪ পিএম

‘নেশাগ্রস্ত’ অবস্থায় অনুষ্ঠানে, বিএনপি নেতা শাহাদাত বহিষ্কার
ছবিঃ সংগৃহীত

বিএনপির সাবেক চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীর অনুষ্ঠানে নেশাগ্রস্ত অবস্থায় উপস্থিত থাকার অভিযোগে চাঁদপুর পৌর বিএনপির ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন হাওলাদারকে দলের সব পদ-পদবি থেকে বহিষ্কার করা হয়েছে।

চাঁদপুর পৌর বিএনপির সভাপতি মো. আক্তার হোসেন মিয়াজী ও সাধারণ সম্পাদক হারুনুর রশীদ স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। গত ১৬ আগস্ট তাকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, দলীয় গঠনতন্ত্রবহির্ভূত কর্মকাণ্ড এবং দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে শাহাদাত হোসেনকে এর আগেও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। তবে এরপরও তিনি নিজেকে সংশোধন করেননি।

চিঠি অনুযায়ী, গত ১৫ আগস্ট প্রয়াত খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শাহাদাত হোসেন হাওলাদার নেশাগ্রস্ত অবস্থায় উপস্থিত হন। এ ঘটনায় তাকে দলের সব ধরনের পদ-পদবি থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

বহিষ্কারের আদেশটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে বক্তব্য জানতে মো. শাহাদাত হোসেন হাওলাদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।