সারাদেশ

প্রিজনভ্যান থেকে ‘পিচ্চি রাজা’র পালানোর ঘটনায় চাঞ্চল্যকর তথ্য, যেভাবে নাটক সাজায় পুলিশ


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০৭:২২ পিএম

প্রিজনভ্যান থেকে ‘পিচ্চি রাজা’র পালানোর ঘটনায় চাঞ্চল্যকর তথ্য, যেভাবে নাটক সাজায় পুলিশ
ছবি: সংগৃহীত

আদালত থেকে গাজীপুরের কাশিমপুর কারাগারে নেওয়ার পথে প্রিজনভ্যান থেকে পিচ্চি রাজার পালানোর ঘটনায় চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ। তদন্তে উঠে এসেছে, কোনাবাড়ী এলাকায় প্রিজনভ্যান থেকে তিনি পালাননি। বরং পুরান ঢাকার তাঁতীবাজার এলাকায় পুলিশের এক কর্মকর্তা নিজেই ভ্যানের তালা খুলে তাকে নামিয়ে আগে থেকে অপেক্ষমাণ একটি ব্যক্তিগত গাড়িতে তুলে দেন। পরে কোনাবাড়ী এলাকায় তিনি পালিয়েছেন বলে ভিন্ন একটি ঘটনা সাজানো হয়।

গাজীপুর মহানগর পুলিশের কমিশনার মো. ইসরাইল হাওলাদার জানিয়েছেন, টাকার বিনিময়ে কয়েকজন পুলিশ সদস্যের সহায়তায় পরিকল্পিতভাবে পিচ্চি রাজাকে পালিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছিল।

সোমবার দুপুরে গাজীপুর মহানগর পুলিশের সদরদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি।

পুলিশ কমিশনার জানান, গত ২৭ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে ঢাকা জেলা জজ আদালত থেকে ২৯ জন আসামিকে প্রিজনভ্যানে করে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে নেওয়া হচ্ছিল। পথে কোনাবাড়ী থানার বাইমাইল এলাকার পশ্চিমে হাজতি বন্দি পিচ্চি রাজা পালিয়ে যান বলে জানানো হয়। এ ঘটনায় কোনাবাড়ী থানায় দণ্ডবিধির ২২৪ ধারায় মামলা করা হয়। পরে মামলাটির তদন্তভার গাজীপুর মহানগর পুলিশের গোয়েন্দা দক্ষিণ বিভাগকে দেওয়া হয়।

ঘটনার পর দায়িত্বে অবহেলার অভিযোগে প্রিজনভ্যানের সঙ্গে থাকা উপপরিদর্শক প্রবীর কুমার, কনস্টেবল মো. জাকির হোসেন, মো. সাকিব, শাকিল হোসেন এবং প্রিজনভ্যানের চালক নায়েক কামাল হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়। একই সঙ্গে ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়।

তদন্তে গোয়েন্দা পুলিশ বিভিন্ন ব্যক্তির সাক্ষ্য, আলামত ও তথ্য সংগ্রহ করে। এতে জানা যায়, আদালত থেকে ফেরার পথে পুরান ঢাকার তাঁতীবাজার এলাকায় একটি রোগ নির্ণয়কেন্দ্রের সামনে প্রিজনভ্যান থামানো হয়। সেখানে স্কট দলের দায়িত্বে থাকা উপপরিদর্শক প্রবীর কুমার চালক নায়েক কামাল হোসেনের কাছ থেকে ভ্যানের চাবি নিয়ে পিচ্চি রাজা ও আরেক হাজতি খাইরুল বাশারকে ভ্যান থেকে নামান।

পরে খাইরুল বাশারকে ভ্যানের সামনের অংশে রাখা হলেও পিচ্চি রাজা ও উপপরিদর্শক প্রবীর আর ভ্যানে ওঠেননি। তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী, আগে থেকেই সেখানে অপেক্ষমাণ একটি ব্যক্তিগত গাড়িতে করে পিচ্চি রাজাকে পালিয়ে যেতে সহায়তা করা হয়। এরপর কোনাবাড়ী এলাকায় তিনি পালিয়েছেন, এমন একটি ভিন্ন পরিস্থিতি তৈরি করা হয়।

পুলিশের তদন্তে পাওয়া তথ্য, সাক্ষ্য ও আলামতের ভিত্তিতে পিচ্চি রাজার বোন তাসলিমা, স্কট দলের দায়িত্বে থাকা উপপরিদর্শক প্রবীর কুমার এবং প্রিজনভ্যানের চালক নায়েক কামাল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় কামাল হোসেনের বাড়ি থেকে নগদ ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়।

পিচ্চি রাজাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন গাজীপুর মহানগর পুলিশের কমিশনার। একই সঙ্গে ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।