সারাদেশ

নওগাঁর ৬ আসনের মধ্যে ৫টিতে বিএনপির প্রার্থী ঘোষণা, রহস্য রয়ে গেল এক আসনে


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫, ০৯:৫৮ পিএম

নওগাঁর ৬ আসনের মধ্যে ৫টিতে বিএনপির প্রার্থী ঘোষণা, রহস্য রয়ে গেল এক আসনে
ছবি কোলাজ: ঢাকাপ্রকাশ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ধীরে ধীরে তাদের প্রার্থী তালিকা প্রকাশ করছে। এরই অংশ হিসেবে সোমবার (৩ নভেম্বর) নওগাঁ জেলার ৬টি সংসদীয় আসনের মধ্যে ৫টি আসনের প্রার্থী ঘোষণা করেছে দলটি।

সোমবার (৩নভেম্বর) বিকেলে ঢাকার গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির ঘোষিত তালিকা অনুযায়ী নওগাঁ জেলার প্রার্থীরা হচ্ছেন- নওগাঁ-১ (নিয়ামতপুর–পোরশা–সাপাহার): মোঃ মোস্তাফিজুর রহমান। নওগাঁ-২ (পত্নীতলা–ধামইরহাট): সামসুজ্জোহা খান। নওগাঁ-৩ (বদলগাছী–মহাদেবপুর): ফজলে হুদা বাবুল। নওগাঁ-৪ (মান্দা): ডা. ইকরামুল বারী টিপু।নওগাঁ-৬ (রানীনগর–আত্রাই): এস. এম. রেজাউল ইসলাম রেজু। তবে নওগাঁ-৫ (নওগাঁ সদর) আসনের প্রার্থীর নাম এখনো ঘোষণা করা হয়নি। এ নিয়ে জেলার রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি হয়েছে নানামুখী জল্পনা-কল্পনা।

দলীয় সূত্রে জানা গেছে, সদর আসনে কয়েকজন সম্ভাব্য প্রার্থী আছেন- যাদের মধ্যে বর্তমান জেলা বিএনপির সিনিয়র নেতা, সাবেক ছাত্রদল ও যুবদলের নেতাদের নামও আলোচনায় রয়েছে। তবে এখন পর্যন্ত কেন্দ্রীয় নেতৃত্ব আনুষ্ঠানিকভাবে কারো নাম ঘোষণা করেনি।দলীয় একটি সূত্র জানিয়েছে, স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ে যাচাই-বাছাই শেষে খুব শিগগিরই এই আসনের প্রার্থী ঘোষণা করা হবে

প্রার্থী ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে নওগাঁ জুড়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা দেখা দিয়েছে। বিভিন্ন উপজেলায় ইতোমধ্যেই প্রচার-প্রচারণার প্রস্তুতি, কর্মীসভা এবং সমর্থন গঠনের কাজ শুরু করেছেন মনোনীত প্রার্থীরা।

জেলা বিএনপির একাধিক নেতা জানিয়েছেন, “দল এবার ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশ নিতে চায়। জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারে বিএনপির নেতাকর্মীরা মাঠে নামার জন্য প্রস্তুত।”

নওগাঁর ৫টি আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত হলেও সদর আসন অর্থাৎ নওগাঁ-৫ কে পাবেন—এ প্রশ্নের উত্তর এখনো মিলেনি। দলীয় মনোনয়ন চূড়ান্ত হলে জেলার রাজনৈতিক অঙ্গন আরও উত্তপ্ত হয়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে।