সারাদেশ
বগুড়ায় গ্রামীণ ব্যাংকে পেট্রোল ঢেলে আগুন দিলো দুর্বৃত্তরা
বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় অজ্ঞাত দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে আগুন দিয়েছে। শনিবার (১৫ নভেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে। তবে অগ্নিসংযোগে ব্যাংকের ভেতরের কোনো কক্ষ বা আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়নি। আংশিক ক্ষতি হয়েছে মূল প্রবেশপথের নামফলকে।
ব্যাংকের ম্যানেজার মো. রবিউল ইসলাম জানান, রাত আনুমানিক ২টার দিকে বাইরে থেকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। নৈশপ্রহরী আগুন দেখে দ্রুত কর্তৃপক্ষকে খবর দেন। স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘটনাটি নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
শেরপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা বখতিয়ার উদ্দিন বলেন, তারা ঘটনাস্থলে গিয়ে নিশ্চিত হন এটি পরিকল্পিত অগ্নিসংযোগ। স্থানীয়দের ভাষ্যমতে, দুর্বৃত্তরা বাইরে থেকে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পালিয়ে যায়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
শেরপুর থানার ওসি এস এম মঈনুদ্দিন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা এ ঘটনায় জড়িত, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত চলছে, প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।