সারাদেশ
রাজশাহীর তাজা আম চেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত
রাজশাহীর পুঠিয়া উপজেলার ঐতিহ্যবাহী বানেশ্বর আম হাট পরিদর্শন করে তাজা আমের স্বাদে মুগ্ধ হয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।
মঙ্গলবার (১৬ জুন) সকাল ৯টায় তিনি হাটে এসে বিভিন্ন আমের আড়ত ও দোকান ঘুরে দেখেন। এ সময় তার সঙ্গে ছিলেন পলিটিক্যাল কাউন্সেলর এরিক গিলান ও পলিটিক্যাল অফিসার চার্লস বেসনার্ডসহ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরিদর্শনকালে হাটে বিক্রি হওয়া বিভিন্ন জাতের আম সম্পর্কে খোঁজখবর নেন তিনি।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, রাষ্ট্রদূত হিসেবে এটি তার প্রথম রাজশাহী সফর। এর আগে ২০২০ সালে একবার এলেও এবার বিশেষভাবে আমের মৌসুমে এসেছেন রাজশাহীর বিখ্যাত আমের স্বাদ নিতে। এখানে এসে তিনি আনন্দিত বলেও জানান।
তিনি বলেন, তিনি যুক্তরাষ্ট্রের একটি কৃষিপ্রধান অঙ্গরাজ্য থেকে এসেছেন। কোনো পণ্য যেখানে উৎপাদিত হয়, সেখানে গিয়ে সেটি দেখা ও উপভোগ করার অভিজ্ঞতা ভিন্নরকম। এতে সবচেয়ে তাজা, বৈচিত্র্যময় ও সেরা পণ্য দেখার সুযোগ মেলে।
বাংলাদেশের আম রফতানির সম্ভাবনা প্রসঙ্গে তিনি বলেন, আমেরিকানরা আম খুব পছন্দ করে। তবে যুক্তরাষ্ট্রে বেশিরভাগ সময় হিমায়িত আমই পাওয়া যায়, যা শেক বা বিভিন্ন খাদ্যপণ্যে ব্যবহার করা হয়। বাংলাদেশের মতো এত তাজা আম সেখানে সহজলভ্য নয়।
তিনি বাংলাদেশের আম রফতানি বাড়াতে আধুনিক কোল্ড চেইন বা হিমাগার ব্যবস্থার উন্নয়নের ওপর গুরুত্ব দেন। তার মতে, আন্তর্জাতিক বাজারে হিমায়িত আম রফতানির জন্য উন্নত কোল্ড চেইন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সারা বছর আমের সরবরাহ নিশ্চিত করতে এবং রফতানি বাড়াতে এ অবকাঠামোর উন্নয়ন জরুরি।
হাটে উপস্থিত ব্যবসায়ীরা জানান, মার্কিন রাষ্ট্রদূতের এ সফর তাদের জন্য গর্বের বিষয়। তারা আশা করছেন, এর মাধ্যমে রাজশাহীর আম আন্তর্জাতিক বাজারে আরও পরিচিতি পাবে এবং রফতানি বাড়বে।