সারাদেশ

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে প্রাণ গেল রিকশাচালক বাবার


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০২:৪১ পিএম

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে প্রাণ গেল রিকশাচালক বাবার
ছবি: সংগৃহীত

নওগাঁ শহরে মাদকাসক্ত ছেলের মারধরে মহাতাব সরকার (৬২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (৬ জুলাই) ভোরে শহরের বনানীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত ছেলে সুমন পলাতক রয়েছে। নিহত মহাতাব সরকার পেশায় রিকশাচালক ছিলেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, সুমন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত হয়ে পড়েন। এ নিয়ে পরিবারের মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগে থাকত। রোববার রাত ১২টার দিকে কথা কাটাকাটির এক পর্যায়ে সুমন তার বাবাকে ঘর থেকে টেনে বাইরে এনে উঠানে কাঠের বাটাম দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। একপর্যায়ে ইট দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই মহাতাব সরকারের মৃত্যু হয়।

সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।