রাজধানী

জামায়াত থেকে বহিস্কৃত এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ পিএম

জামায়াত থেকে বহিস্কৃত এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বয়স ১৯ বছর।

রবিবার রাত সাতটার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে ন্যাম ভবনের একটি কক্ষে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরিয়মের মরদেহ দেখতে পায় পুলিশ।

ডিএমপির তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার ইবনে মিজান জানান, খবর পেয়ে তিনি ও শেরেবাংলা নগর থানার পুলিশ ঘটনাস্থলে যান। ভবনের একটি কক্ষের জানালা দিয়ে মরিয়মের মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখা যায়।

তিনি জানান, ঘটনাস্থলে পিবিআই ও সিআইডির ফরেনসিক দলকে ডাকা হয়েছে। তাদের উপস্থিতিতে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে পুলিশ কক্ষে প্রবেশ করবে।

তবে ঠিক কখন মরিয়মের মৃত্যু হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানান উপপুলিশ কমিশনার।