সারাদেশ

নাতনির লাশ নিয়ে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা, নানিসহ ৩ জনের মৃত্যু


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৬:০৮ পিএম

নাতনির লাশ নিয়ে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা, নানিসহ ৩ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত

পাবনার আতাইকুলায় লাশবাহী অ্যাম্বুলেন্স ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নানিসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের সদর উপজেলার আতাইকুলা থানার সড়াডাঙ্গি কড়ইতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পাবনার সাঁথিয়া উপজেলার মাহমুদপুর গ্রামের ছলিম প্রামানিক (৬২), তার স্ত্রী বুলু খাতুন (৫৫) এবং অ্যাম্বুলেন্স চালক রাজ হোসেন (৩৫)। রাজ হোসেন পাবনা পৌর সদরের উত্তর শালগাড়িয়া এলাকার বাসিন্দা ছিলেন।

মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, কিডনি রোগে মারা যাওয়া শিশু নাতনি কেয়ার মরদেহ নিয়ে স্বজনরা একটি অ্যাম্বুলেন্সে করে রাজশাহী থেকে পাবনায় ফিরছিলেন। একই সময় ‘পাবনা এক্সপ্রেস’ নামের একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে পাবনায় আসছিল।

পথিমধ্যে সড়াডাঙ্গি কড়ইতলা এলাকায় পৌঁছালে বাস ও অ্যাম্বুলেন্সের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্স চালক ও শিশুটির নানি বুলু খাতুন মারা যান। আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির নানা ছলিম প্রামানিকের মৃত্যু হয়।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনায় কবলিত বাস ও অ্যাম্বুলেন্স পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।