সারাদেশ
বগুড়ায় পুকুরে পড়ে যাওয়া বল তুলতে গিয়ে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু
বগুড়ার কাহালু উপজেলায় মর্মান্তিক এক দুর্ঘটনায় পুকুরের পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে উপজেলার মুরইল ইউনিয়নের ভলতা গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহতরা হলো- ভলতা গ্রামের মো. আবদুলের এক বছর বয়সী ছেলে জাকির এবং একই গ্রামের ফারুক হোসেনের আট বছর বয়সী ছেলে সাইফ ও পাঁচ বছর বয়সী মেয়ে জুরাইয়া। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনজনই পরস্পরের নিকটাত্মীয়।
স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির উঠানে বল নিয়ে খেলছিল শিশুরা। একপর্যায়ে বলটি পুকুরে পড়ে গেলে সেটি তুলতে গিয়ে প্রথমে একজন শিশু পানিতে পড়ে যায়। তাকে বাঁচাতে গিয়ে একে একে অন্য দুই শিশুও পানিতে নেমে তলিয়ে যায়।
ঘটনা টের পেয়ে এলাকাবাসী দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করে এবং কাহালু ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেয়। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই স্থানীয়রা পানিতে নেমে তিন শিশুকে উদ্ধার করে। পরে তাদের মৃত ঘোষণা করা হয়।
এ বিষয়ে কাহালু ফায়ার সার্ভিস স্টেশনের ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. সবুজ হোসেন জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তাদের একটি দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। কিন্তু পৌঁছানোর আগেই স্থানীয়রা শিশুদের উদ্ধার করে ফেলেন।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, খেলার সময় দুর্ঘটনাবশত প্রথমে দুই শিশু পানিতে পড়ে যায়। তাদের উদ্ধারে গিয়ে আরেক শিশুও পানিতে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।