সারাদেশ
নওগাঁয় ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক
নওগাঁর সদর উপজেলায় আর্জেন্টিনা ফুটবল দলকে নিয়ে ব্যঙ্গাত্মক গান গাওয়াকে কেন্দ্র করে এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের মারধরের গুরুতর অভিযোগ উঠেছে। এ ঘটনায় একই শ্রেণির অন্তত ১৭ জন শিক্ষার্থী আহত হয়ে চিকিৎসা নিয়েছে। ঘটনাটি এলাকায় ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।
বুধবার (২২ জুলাই) বিকেলে উপজেলার নারচী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। অভিযুক্ত শিক্ষক আব্দুস সালাম ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা যায়, ঘটনার সময় চতুর্থ শ্রেণির কক্ষে কোনো শিক্ষক উপস্থিত ছিলেন না। এ সময় কয়েকজন শিক্ষার্থী ফুটবল ম্যাচে আর্জেন্টিনার হার নিয়ে ব্যঙ্গ করে গান গাইতে শুরু করে। পরে শব্দ শুনে ক্ষুব্ধ হয়ে কক্ষে প্রবেশ করেন আব্দুস সালাম। অভিযোগ রয়েছে, নিজের পছন্দের দলকে নিয়ে ব্যঙ্গ সহ্য করতে না পেরে তিনি একটি প্লাস্টিকের বৈদ্যুতিক তার দিয়ে শিক্ষার্থীদের ওপর এলোপাতাড়ি আঘাত করেন। এতে কক্ষে থাকা ২৩ শিক্ষার্থীর মধ্যে ১৭ জন আহত হয়।
ঘটনার পর বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে অভিভাবক ও স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দেয়। রাতে বিদ্যালয় সংলগ্ন নারচী মোড় এলাকায় বিক্ষোভ মিছিল করেন তারা। শিক্ষার্থীদের ওপর এমন নির্যাতনের প্রতিবাদ জানিয়ে দ্রুত তদন্ত ও অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবি জানান বিক্ষোভকারীরা।
অভিযোগের বিষয়ে আব্দুস সালাম নিজের ভুল স্বীকার করে অনুশোচনা প্রকাশ করেছেন। তিনি বলেন, অভিভাবক ও সহকর্মীদের সঙ্গে আলোচনা করে বিষয়টির সমাধান করার চেষ্টা করবেন।
এদিকে জেলা প্রাথমিক শিক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ছানাউল হাবিব জানিয়েছেন, লিখিত অভিযোগ পেলে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।