সারাদেশ
ক্ষমতায় এলেই সবকিছু নিজেদের নামে করে আওয়ামী লীগ: জ্বালানি মন্ত্রী
ক্ষমতায় এলেই আওয়ামী লীগ দেশের সবকিছু নিজেদের নামে নিয়ে নেয় এবং ইতিহাস বিকৃত করে- এমন মন্তব্য করেছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
শনিবার (২৫ জুলাই) দুপুরে বগুড়া শহরের একটি হোটেলে উত্তরাঞ্চলের পাঁচ জেলার উন্নয়ন প্রেক্ষিত, সমস্যা, সম্ভাবনা ও করণীয় শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ইতিহাসকে কখনো রাজনৈতিকভাবে বিচার করা উচিত নয়। যে সময়ে যা ঘটেছে, তা সঠিকভাবে মূল্যায়ন করতে হবে। কিন্তু আওয়ামী লীগ বারবার ইতিহাস বিকৃত করেছে এবং ক্ষমতায় এলেই বিভিন্ন বিষয় নিজেদের নামে চালিয়ে দেয়।
তিনি আরও বলেন, ইতিহাস কখনো থেমে থাকে না; সময়ের সঙ্গে নতুন তথ্য সামনে আসে এবং তার ভিত্তিতে ইতিহাসের মূল্যায়ন হয়। ইতিহাসকে রাজনীতির প্রভাবমুক্ত রাখা জরুরি এবং এ দায়িত্ব ঐতিহাসিকদের।
বিএনপির প্রসঙ্গে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, দলটি কখনো ভোট ছাড়া ক্ষমতায় আসেনি। দেশে যখনই নিরপেক্ষ নির্বাচন হয়েছে, তখনই বিএনপি জনগণের সমর্থনে সরকার গঠন করেছে। জনগণের আস্থা এখনও বিএনপির ওপর রয়েছে।
তিনি বলেন, নির্বাচনের আগে নানা আলোচনা ও কৌশল থাকলেও শেষ পর্যন্ত জনগণ বিএনপিকেই সমর্থন দিয়েছে। মানুষের বিশ্বাস, বিএনপি দেশ পরিচালনায় সক্ষম।
তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে মন্ত্রী বলেন, গত ছয় মাসে তিনি শৃঙ্খলা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সময়মতো অফিসে উপস্থিত থাকার বিষয়ে তিনি কঠোর অবস্থান নিয়েছেন। জনগণের টাকায় বেতন নেওয়া কর্মকর্তাদের দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন।
মন্ত্রী জানান, তারেক রহমান মন্ত্রণালয়ের কাজকর্ম সূক্ষ্ম পর্যায় পর্যন্ত পর্যবেক্ষণ করছেন, যার ফলে সংশ্লিষ্ট মন্ত্রীদেরও নিজেদের দপ্তরের বিষয়ে সবসময় প্রস্তুত থাকতে হচ্ছে।
জিয়াউর রহমানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতোই তারেক রহমান দেশের উন্নয়নে কাজ করছেন এবং তার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বিদ্যুৎ খাতের উন্নয়ন নিয়ে মন্ত্রী বলেন, আগামী পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে। যারা নিজেদের ভবনের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপন করবেন, তারা সিটি করপোরেশনের করেও ছাড় পাবেন।
এছাড়া উত্তরাঞ্চলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে বড়পুকুরিয়ায় ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতার একটি বিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
সেমিনারে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, রাজনৈতিক নেতা, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সেখানে উত্তরাঞ্চলের উন্নয়ন সম্ভাবনা ও সমস্যাবলি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।