সারাদেশ

কৃষকের সেজে সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করলেন এএসআই


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ১২:০২ পিএম

কৃষকের সেজে সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করলেন এএসআই
ছবি: সংগৃহীত

মাদক মামলায় আদালতের রায়ে দুই বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে ধরতে অভিনব কৌশল নিয়েছে পুলিশ। ইউনিফর্ম না পরে লুঙ্গি ও খালি গায়ে কৃষকের ছদ্মবেশে ফসলের মাঠে গিয়ে শেষ পর্যন্ত তাকে গ্রেফতার করেন এক সহকারী উপপরিদর্শক (এএসআই)।

শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার এএসআই ফরহাদ হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। গ্রেফতার সুশীল (পুলিশের নথি অনুযায়ী পূর্ণ নাম), নাচোল উপজেলার রাজবাড়ী হাট টাওয়ারপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় প্রায় তিন মাস আগে চাঁপাইনবাবগঞ্জের যুগ্ম দায়রা জজ আদালত-২ সুশীলকে দুই বছরের সশ্রম কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। রায়ের পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকোমল চন্দ্র দেবনাথ জানান, সাজাপ্রাপ্ত এই আসামিকে গ্রেফতারে একাধিকবার অভিযান চালানো হলেও তিনি প্রতিবারই কৌশলে পালিয়ে যান।

এএসআই ফরহাদ হোসেন বলেন, তিনবার অভিযান ব্যর্থ হওয়ার পর গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সুশীল নওগাঁর নিয়ামতপুর উপজেলার রাওতা গ্রামের একটি ফসলি মাঠে কৃষিকাজ করছেন। এরপর তিনি পুলিশ সদস্যদের পাশের একটি বাজারে অবস্থান নিতে বলে নিজে কৃষকের বেশ ধারণ করে মাঠে প্রবেশ করেন।

তিনি আরও জানান, কাছে যেতেই সুশীল বিষয়টি বুঝতে পেরে দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে তাকে আটক করা হয়। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।