সারাদেশ
নওগাঁয় গোসলে নেমে নিখোঁজ স্বামী, খুঁজতে গিয়ে স্ত্রীরও মৃত্যু
নওগাঁর বদলগাছী উপজেলায় গোসল করতে গিয়ে পানিতে ডুবে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২৬ জুলাই) দুপুরে উপজেলার কার্তিকাহার গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নুর ইসলাম (২২) ও তার স্ত্রী সুমাইয়া আক্তার (১৮)। নুর ইসলাম মেহেরপুর জেলার গাংনী উপজেলার বেদবাড়িয়া গ্রামের আবুল কাশেমের ছেলে এবং সুমাইয়া বদলগাছীর কার্তিকাহার গ্রামের শাহিনের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে গোসল করতে গিয়ে প্রথমে খারির পানিতে নামেন নুর ইসলাম। কিছু সময় পর তাকে পানির ওপর দেখা না গেলে উদ্বিগ্ন হয়ে স্ত্রী সুমাইয়া আক্তারও পানিতে ঝাঁপ দেন। এরপর দুজনই পানির নিচে তলিয়ে যান।
ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ রুহুল আমিন জানান, মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে পুলিশের হেফাজতে রয়েছে। পরিবারের সদস্যরা এলে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।