সারাদেশ

অভিযানের নামে ৪০ ভরি স্বর্ণ আত্মসাৎ, পুলিশ কনস্টেবলসহ গ্রেপ্তার ২


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯ এএম

অভিযানের নামে ৪০ ভরি স্বর্ণ আত্মসাৎ, পুলিশ কনস্টেবলসহ গ্রেপ্তার ২
ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে অভিযানের নামে এক ব্যবসায়ীর কাছ থেকে ৪০ ভরি স্বর্ণ আত্মসাতের অভিযোগে পুলিশের কনস্টেবল জাকির হোসেনসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এনএম ওয়াসিম ফিরোজ বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার জাকির হোসেন চাঁপাইনবাবগঞ্জ সদর পুলিশ ফাঁড়ির অধীনে অফিসার্স মেসে কর্মরত ছিলেন। স্বর্ণ আত্মসাতের অভিযোগ ওঠার পর তাকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। তার বাড়ি রাজশাহীর দুর্গাপুর উপজেলার দেবীপুর গ্রামে।

অন্যদিকে গ্রেপ্তার মোহাম্মদ আলী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের আলমপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৮ আগস্ট বিকেল ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কালীনগর এলাকায় অভিযানের নামে এক ব্যবসায়ীর কাছ থেকে ৪০ ভরি স্বর্ণ নিয়ে আত্মসাতের অভিযোগ ওঠে জাকির হোসেন, মোহাম্মদ আলীসহ আরও একজনের বিরুদ্ধে।

এ ঘটনায় শনিবার সদর থানায় তিনজনের বিরুদ্ধে মামলা করেন খোয়া যাওয়া স্বর্ণের মালিক ও রাজশাহীর স্বর্ণ ব্যবসায়ী নিঝুম। মামলা দায়েরের পর ওই রাতেই জাকির হোসেন ও মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, মোহাম্মদ আলীর কাছ থেকে সাড়ে ২০ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। বাকি স্বর্ণ উদ্ধারে অভিযান চালানো হচ্ছে।

পুলিশের প্রাথমিক ধারণা, রাজশাহী থেকে ৪০ ভরি গলানো স্বর্ণ চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। এসব স্বর্ণ ভারতে পাচারের উদ্দেশ্য ছিল বলে ধারণা করছে পুলিশ।