সারাদেশ

গোবিন্দগঞ্জে উদ্ধারের দুই বছর পর নিষ্ক্রিয় করা হলো ১২ ককটেল


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৬, ০৫:৩৫ পিএম

গোবিন্দগঞ্জে উদ্ধারের দুই বছর পর নিষ্ক্রিয় করা হলো ১২ ককটেল
গোবিন্দগঞ্জে উদ্ধারের দুই বছর পর নিষ্ক্রিয় করা হলো ১২ ককটেল। ছবি: ঢাকাপ্রকাশ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে উদ্ধার হওয়া অবিস্ফোরিত ১২টি ককটেল দীর্ঘ দুই বছর পর নিস্ক্রিয় করা হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা থেকে আগত বোমা ডিসপোজাল ইউনিটের (এটিইউ) ১০ সদস্যের একটি দল গোবিন্দগঞ্জ থানা চত্বরে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে ককটেলগুলো ধ্বংস করে।

এ সময় উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক, পুলিশ পরিদর্শক (তদন্ত) পবিত্র কুমার, এসআই সেলিম রেজাসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পুলিশ জানায়, গত বছরের ১৬ ডিসেম্বর রাত পৌনে ১২টার দিকে উপজেলার কোমরপুর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা–রংপুর মহাসড়কের পাশে অবস্থিত গ্রামীণ ব্যাংক কোমরপুর শাখার সামনে থেকে চারটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। এর আগে ২০২৩ সালে একই এলাকায় আরও আটটি ককটেল উদ্ধার করা হয়েছিল। এসব উদ্ধার হওয়া মোট ১২টি ককটেল দীর্ঘদিন ধরে থানায় সংরক্ষিত ছিল।

গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) পবিত্র কুমার বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধার হওয়া ককটেলগুলো বোমা ডিসপোজাল ইউনিটের মাধ্যমে সফলভাবে ধ্বংস করা হয়েছে।