সারাদেশ
গোবিন্দগঞ্জে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ’ কর্মসূচির উদ্বোধন
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
শনিবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) তামশীদ ইরাম খান, উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহম্মেদ এবং পৌর বিএনপির সভাপতি রবিউল কবির মনুসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। পরিবেশের ভারসাম্য বজায় রাখা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য দেশ গড়ে তুলতে সবাইকে বেশি বেশি করে গাছ লাগাতে হবে।
কর্মসূচির উদ্বোধনের পর অতিথিরা বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। পাশাপাশি এই উদ্যোগকে সফল করতে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।