সারাদেশ
গোবিন্দগঞ্জে ছোট ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে বড় ভাই নিহত
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পারিবারিক কলহের জেরে ছোট ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে বড় ভাই শাকিব শাহরিয়ার (২২) নিহত হয়েছেন। তিনি উপজেলা পৌরসভার মাগুরা এলাকার এরশাদুল হক লিটনের ছেলে।
পুলিশ জানায়, বুধবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে মোটরসাইকেল চালানোসহ বিভিন্ন পারিবারিক বিষয় নিয়ে বাড়িতে দুই ভাই—রাকিব ও শাকিবের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
এ সময় ছোট ভাই রাকিব ধারালো অস্ত্র দিয়ে বড় ভাই শাকিব শাহরিয়ারের ওপর আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পরবর্তীতে ওই হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শাকিব শাহরিয়ারকে মৃত ঘোষণা করেন।
গোবিন্দগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা স্বপন কুমার সরকার জানান, ঘটনার বিষয়ে প্রাথমিক তথ্য পাওয়া গেছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।