সারাদেশ

গোবিন্দগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে গাছের চারা, বীজ ও সার বিতরণ


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ২৬ জুন ২০২৬, ০৭:৫৭ পিএম

গোবিন্দগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে গাছের চারা, বীজ ও সার বিতরণ
গোবিন্দগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে গাছের চারা, বীজ ও সার বিতরণ। ছবি: ঢাকাপ্রকাশ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ২০২৫-২৬ অর্থবছরের খরিফ-২ মৌসুমে ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, চারা ও সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

শুক্রবার দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি বিভাগের যৌথ আয়োজনে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামশিদ ইরাম খান, উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আজিজা আকতার সেবু, পৌর বিএনপির সভাপতি রবিউল কবির মনু, সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সরোয়ার জাহান ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মনির হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ৮ হাজার ৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে পর্যায়ক্রমে এ প্রণোদনার সামগ্রী বিতরণ করা হবে।

এ কর্মসূচির আওতায় ৫ হাজার ৫৫০ জন কৃষককে জনপ্রতি ৫ কেজি রোপা আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হবে। এছাড়া ৩৫০ জন কৃষককে ১ কেজি গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ ও সমপরিমাণ সার, ১ হাজার ৪৫০ জন কৃষককে ৩০০ গ্রাম শাকসবজির বীজ ও ১৫ কেজি করে ডিএপি ও এমওপি সার প্রদান করা হবে।

এছাড়া ৯০ জন কৃষককে মরিচের বীজ ও সার, ৪০ জনকে লেবুর চারা ও জৈব সার এবং ৫৮০ জন কৃষকের মাঝে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় চারা, বাঁশের খুঁটি ও জৈব সার বিতরণ করা হবে।