সারাদেশ
গোবিন্দগঞ্জে খাল খনন কাজ পরিদর্শন করলেন এমপি শামীম কায়সার লিংকন
গাইবান্ধার গোবিন্দগঞ্জে চলমান খাল খনন কার্যক্রম পরিদর্শন করেছেন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য শামীম কায়সার লিংকন। রোববার বিকেলে উপজেলার কামারদহ ইউনিয়নের গুমানীগঞ্জ জিরো পয়েন্ট করতোয়া শাখা থেকে গুজিয়া খাল ও ঘোড়ামারা খাল পর্যন্ত প্রায় পৌনে ৭ কিলোমিটার খনন কাজ ঘুরে দেখেন তিনি।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে এবং উপজেলা প্রকল্প বাস্তবায়নের অধীনে চলমান এ কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এমপি। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেন তিনি।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) মো. তামশিদ ইরাম খান, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক সাজাদুর রহমান সাজু, উপজেলা যুবদলের সদস্য সচিব এহসানুল হক রিপন, কামারদহ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহেদুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা।
স্থানীয়রা জানান, খাল খনন কাজ সম্পন্ন হলে এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা দূর হবে। পাশাপাশি কৃষি সেচ ব্যবস্থার উন্নয়ন ঘটবে এবং বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন সহজ হওয়ায় সাধারণ মানুষ ব্যাপকভাবে উপকৃত হবে।