সারাদেশ
বুকসমান পানি পেরিয়ে মায়ের মরদেহ কাঁধে নিয়ে কবরস্থানে গেলেন ছেলে
টানা ভারি বর্ষণে তলিয়ে গেছে রাস্তা। সেই পানির মধ্য দিয়েই বুকসমান পানি পেরিয়ে ছেলের কাঁধে মায়ের মরদেহ কবরস্থানে নেওয়ার হৃদয়বিদারক দৃশ্য দেখা গেছে ঠাকুরগাঁওয়ে।
বৃহস্পতিবার (৯ জুলাই) ভোরে বার্ধক্যজনিত কারণে মারা যান হরিপুর উপজেলার সীমান্তবর্তী ফালডাঙ্গী গ্রামের ৮০ বছর বয়সী মফিজান বিবি। বিকেল ৩টায় তার জানাজার জন্য মরদেহ নিয়ে বকুয়া ইউনিয়নের রাজিউন রহমান হাফেজিয়া মাদরাসা মাঠে যাওয়ার পথে চরম দুর্ভোগে পড়েন স্বজন ও এলাকাবাসী।
ফালডাঙ্গী-নোনা সংযোগ সড়কে কোনো সেতু না থাকায় প্রায় আড়াই কিলোমিটার পথ বুকসমান পানি পেরিয়ে মরদেহ বহন করতে হয়। বিকল্প রাস্তা দিয়ে যেতে হলে আরও ছয় কিলোমিটার ঘুরতে হয়, যা মরদেহ নিয়ে যাওয়া প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়।
স্থানীয়রা জানান, স্বাধীনতার পর থেকে এই ভোগান্তি পোহাচ্ছেন তারা। বর্ষা মৌসুমে মৃত্যুর পর দাফন নিয়ে চরম দুশ্চিন্তায় থাকতে হয় স্বজনদের। নির্বাচন এলেই উন্নয়নের আশ্বাস মিললেও পরে আর কোনো কার্যকর উদ্যোগ দেখা যায় না।
কয়েক দিন আগে গ্রামবাসী নিজ উদ্যোগে একটি রাস্তা নির্মাণ করলেও টানা দুই দিনের বৃষ্টিতে সেটিও পানির নিচে তলিয়ে গেছে।
এ অবস্থায় এলাকাবাসীর দাবি, দ্রুত ফালডাঙ্গী-নোনা সংযোগ সড়কে একটি স্থায়ী সেতু নির্মাণ ও রাস্তা সংস্কার করা হোক, যাতে ভবিষ্যতে এমন কষ্টকর পরিস্থিতির মুখে না পড়তে হয়।
এ বিষয়ে হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা চন্দন কর বলেন, মরদেহ বহনের একটি ভিডিও তিনি দেখেছেন, যা অত্যন্ত মর্মান্তিক। ওই সড়কে একটি সেতু নির্মাণ জরুরি এবং দ্রুত এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।