সারাদেশ
গোবিন্দগঞ্জে অবৈধ বালু উত্তোলনে অভিযান, এমপির নেতৃত্বে ৫ ড্রেজার গুঁড়িয়ে দিল প্রশাসন
গাইবান্ধার গোবিন্দগঞ্জে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে পাঁচটি ড্রেজার মেশিন ধ্বংস করেছে প্রশাসন। শুক্রবার (১০ জুলাই) বিকেল থেকে রাত ৮টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন স্থানীয় সংসদ সদস্য শামীম কায়সার লিংকন।
উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের পান্থামারী গ্রাম থেকে বামনহাজরা এলাকার বাঙালি নদীর অংশজুড়ে এই অভিযান পরিচালিত হয়। গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) তামসীদ ইরাম খান এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হকসহ প্রশাসনের একটি দল এতে অংশ নেয়।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযানে নদীর প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত পাঁচটি ড্রেজার মেশিন গুঁড়িয়ে দেওয়া হয়। অভিযানের সময় বালু উত্তোলনের সঙ্গে জড়িতরা পালিয়ে যায়।
অভিযানে উপস্থিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকন সাংবাদিকদের বলেন, গোবিন্দগঞ্জে অবৈধ বালু উত্তোলন, মাটিকাটা ও মাদকের বিরুদ্ধে ‘শূন্য সহনশীলতা’ নীতি গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীর গতিপথ পরিবর্তন হচ্ছে এবং বিভিন্ন গ্রাম ও বাজার এলাকা বিলীন হওয়ার ঝুঁকিতে পড়ছে।
তিনি এ ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান এবং নিয়মিত অভিযান চালানোর জন্য প্রশাসনকে নির্দেশ দেন। একই সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার কথাও বলেন তিনি।
অভিযান চলাকালে নদীর দুই পাড়ে জড়ো হওয়া স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।