সারাদেশ

ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ১০:৪১ পিএম

ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা
ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গে উচ্চশিক্ষা নিতে যাওয়া বাংলাদেশি শিক্ষার্থী জয় চন্দ্র সরকারের রহস্যজনক মৃত্যু হয়েছে। তবে পরিবারের দাবি, এটি আত্মহত্যা নয়, বরং পরিকল্পিত হত্যাকাণ্ড। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন স্বজনরা।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে জয়ের পরিবারের কাছে ম্যাসেঞ্জারের মাধ্যমে তার মৃত্যুর খবর পৌঁছায়। পরিবারের ভাষ্য অনুযায়ী, জয়ের ব্যবহৃত মোবাইল ফোন থেকেই তার বাবা রঞ্জিত চন্দ্র সরকারের কাছে একটি বার্তা পাঠানো হয়, যেখানে জানানো হয়—জয় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে ওই বার্তাটি কে পাঠিয়েছে, তা নিয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

জয় চন্দ্র সরকার (২৩) দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মন্মথপুর কৈবত্যপাড়া গ্রামের বাসিন্দা। তিনি কলকাতার কাছাকাছি উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে অবস্থিত বেসরকারি ব্রেইনওয়্যার বিশ্ববিদ্যালয়ের বিটেক সিএসই বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

নিহতের পরিবারের দাবি, ঘটনাটি ঘিরে বেশ কিছু অসঙ্গতি রয়েছে। ভারতীয় বিভিন্ন সূত্রের বরাত দিয়ে তারা জানান, জয়ের মৃত্যুর ঘটনায় সন্দেহভাজন এক নারীকে জিজ্ঞাসাবাদের জন্য বারাসাত থানায় আটক রাখা হয়েছে।

জয়ের বাবা রঞ্জিত চন্দ্র সরকার বলেন, ২০২৪ সালে স্টুডেন্ট ভিসায় ভারতে গিয়ে প্রথমে দিল্লির সারদা বিশ্ববিদ্যালয়ে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হন জয়। তবে বিষয়টি পছন্দ না হওয়ায় ২০২৫ সালে তিনি বারাসাতের ব্রেইনওয়্যার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগে পড়াশোনা শুরু করেন।

এদিকে পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল ওয়াদুদ জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়নি।