সারাদেশ

দিনাজপুরে থানার ভেতরে সিআইডি কর্মকর্তাকে থাপ্পড়, বিএনপি নেতা গ্রেপ্তার


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ০৯:২৭ পিএম

দিনাজপুরে থানার ভেতরে সিআইডি কর্মকর্তাকে থাপ্পড়, বিএনপি নেতা গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

দিনাজপুরের কোতয়ালী থানার ভেতরে দায়িত্ব পালনরত এক সিআইডি কর্মকর্তাকে গালিগালাজ, থাপ্পড় ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগে জেলা কৃষকদলের সদস্য সচিব মো. মজিবর রহমান মজিব (৫৬)কে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় আরও দুই অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।

রোববার (৯ আগস্ট) রাতে ভুক্তভোগী সিআইডি পরিদর্শক (নিরস্ত্র) বাদী হয়ে কোতয়ালী থানায় মামলা দায়ের করেন।

এজাহার সূত্রে জানা যায়, ওই দিন রাত সাড়ে ৮টার দিকে একটি হত্যা মামলার নথিপত্র সংগ্রহ এবং পূর্ববর্তী তদন্ত কর্মকর্তার সঙ্গে আলোচনা করতে সিআইডি কর্মকর্তা নওয়াবুর রহমান কোতয়ালী থানায় যান। রাত ৯টা ৩৮ মিনিটের দিকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কক্ষের সামনে গেলে এক ব্যক্তি তার কাছে ওসি কোথায় আছেন জানতে চান। জবাবে তিনি নিজেকে সিআইডি কর্মকর্তা পরিচয় দিয়ে জানান, তিনি একটি মামলার তদন্ত কাজে এসেছেন এবং ওসি কোথায় আছেন তা জানেন না।

অভিযোগে বলা হয়, এতে ওই ব্যক্তি ক্ষিপ্ত হয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করেন। প্রতিবাদ করলে সঙ্গে থাকা আরও দুই ব্যক্তির প্ররোচনায় অভিযুক্ত মজিবর রহমান তার ডান গালে সজোরে থাপ্পড় মারেন।

ঘটনার সময় থানার ডিউটি অফিসারের কক্ষে থাকা এসআই মো. মানিক রানা, এসআই মো. মমিনুর রহমান ও কনস্টেবল মো. রফিকুল ইসলামসহ অন্য পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তারা নওয়াবুর রহমানের পরিচয় জানালে অভিযুক্তরা আরও ক্ষিপ্ত হয়ে তাকে ও পুলিশ পরিবারের সদস্যদের উদ্দেশে অশ্লীল ও মানহানিকর বক্তব্য দেন এবং হত্যার হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অভিযুক্ত মজিবর রহমানকে থানা হেফাজতে নেওয়ার নির্দেশ দেন। পরে জিজ্ঞাসাবাদে তিনি নিজের পরিচয় প্রকাশ করেন। তবে তার সঙ্গে থাকা অপর দুই ব্যক্তি কৌশলে পালিয়ে যান।

সিআইডি কর্মকর্তা নওয়াবুর রহমান জানান, ঘটনার পর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। চিকিৎসা গ্রহণ ও আলোচনা শেষে মামলা দায়ের করা হয়েছে। মামলার সঙ্গে চিকিৎসাপত্র এবং ঘটনার ভিডিও ফুটেজসহ একটি পেনড্রাইভ সংযুক্ত করা হয়েছে।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নূরনবী জানান, থানায় দায়িত্ব পালনকালে এক সিআইডি পরিদর্শকের সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। পরে তার অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয় এবং অভিযুক্তকে রাতেই গ্রেপ্তার দেখানো হয়েছে।