সারাদেশ

চলন্ত বাসে ছেলে সন্তানের জন্ম, আজীবন বিনা ভাড়ায় যাতায়াতের সুযোগ


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০৭:৩০ পিএম

চলন্ত বাসে ছেলে সন্তানের জন্ম, আজীবন বিনা ভাড়ায় যাতায়াতের সুযোগ
ছবি: সংগৃহীত

চলন্ত বাসে ছেলে সন্তানের জন্ম দিয়েছেন আবিদা বেগম (২৮) নামে এক নারী। ব্যতিক্রমী এই ঘটনার পর নবজাতককে আজীবন বিনা ভাড়ায় বাসে যাতায়াতের সুযোগ দেওয়ার ঘোষণা দিয়েছে পরিবহন সংস্থা আনাস এন্টারপ্রাইজ। একই সঙ্গে শিশুটি প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত তার মা ও শিশুর বিনা ভাড়ায় যাতায়াতের ব্যবস্থাও করা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) রংপুরের মিঠাপুকুর এলাকায় ঢাকা থেকে লালমনিরহাটের বুড়িমারীগামী আনাস এন্টারপ্রাইজের একটি চলন্ত বাসে এ ঘটনা ঘটে। প্রসববেদনা উঠলে সহযাত্রী এক ধাত্রীর সহায়তায় বাসের ভেতরেই ছেলে সন্তানের জন্ম দেন আবিদা।

মা ও নবজাতক সুস্থ থাকায় আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। পরে বাসের সুপারভাইজার মজনু মিয়ার উদ্যোগে যাত্রীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। শিশুটির জন্মের খবর পরিবহন কর্তৃপক্ষকে জানানো হলে মালিক আলহাজ দিপু তার জন্য উপহার সামগ্রী পাঠানোর পাশাপাশি আজীবন বিনা ভাড়ায় যাতায়াতের ঘোষণা দেন।

এরপর সুপারভাইজার মজনু মিয়া নবজাতকের বাড়িতে গিয়ে উপহার হিসেবে একটি দোলনা, শিশুর বিছানা, মশারি ও প্রসাধনী সামগ্রী তুলে দেন।

পরিবার সূত্রে জানা যায়, আবিদা বেগম লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের রমনীগঞ্জ গ্রামের আবেদ আলীর মেয়ে। তার বাবা-মা ও স্বামী ঢাকার জিরানী এলাকায় বসবাস করেন। তার স্বামী একটি বেসরকারি পোশাক কারখানায় চাকরি করেন।

গত শুক্রবার সন্ধ্যায় আবেদ আলী তার স্ত্রী, মেয়ে আবিদা ও এক নাতিকে নিয়ে ঢাকার জিরানী থেকে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা দেন। পথে রংপুরের মিঠাপুকুর এলাকায় পৌঁছালে আবিদার প্রসববেদনা শুরু হয়। পরে বাসের মধ্যে সহযাত্রী এক ধাত্রীর সহায়তায় তিনি ছেলে সন্তানের জন্ম দেন।

নবজাতকের জন্মের পর বাসের সুপারভাইজার মজনু মিয়া বিষয়টি পরিবহন মালিককে জানান। পরে যাত্রীদের মিষ্টিমুখ করানো হয়। বাসের নামের সঙ্গে মিল রেখে পরিবারের সদস্যরা শিশুটির নাম রাখেন আনাস হাসান।

আনাস এন্টারপ্রাইজের সুপারভাইজার মজনু মিয়া বলেন, ঢাকার জিরানী থেকে বাবা-মায়ের সঙ্গে ওই অন্তঃসত্ত্বা নারী বাসে উঠেছিলেন। রাত ৩টার দিকে মিঠাপুকুর এলাকায় তার প্রসববেদনা শুরু হয়। পরে বাসের মধ্যেই সন্তান জন্ম নেয়। বিষয়টি মালিককে জানালে তিনি শিশুটির আজীবন বিনা ভাড়ায় যাতায়াতের ঘোষণা দেন।

নবজাতকের নানা আবেদ আলী বলেন, চিকিৎসক জানিয়েছিলেন, সন্তান প্রসব হতে আরও প্রায় ২০ দিন সময় লাগবে। তাই মেয়েকে নিয়ে গ্রামের বাড়ির উদ্দেশে বাসে উঠেছিলেন তারা। তবে পথেই বাসের মধ্যে ছেলে সন্তানের জন্ম হয়। মা ও নাতি দুজনেই সুস্থ আছেন। বাসে জন্ম নেওয়ায় পরিবহনের নামের সঙ্গে মিল রেখে নাতির নাম রাখা হয়েছে আনাস হাসান।

ফকিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজল রহমান খোকন জানান, ইউনিয়ন পরিষদের সদস্যের মাধ্যমে তিনি বিষয়টি জেনেছেন। বর্তমানে প্রসূতি ও নবজাতক আনাস হাসান দুজনেই সুস্থ রয়েছে।

খবরটি ছড়িয়ে পড়ার পর নবজাতক ও তার মাকে দেখতে গ্রামের বাড়িতে স্থানীয়দের ভিড় জমেছে।