সারাদেশ

গোবিন্দগঞ্জ পৌরসভায় ৭ মাসের বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতি


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০৭:৪০ পিএম

গোবিন্দগঞ্জ পৌরসভায় ৭ মাসের বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতি
গোবিন্দগঞ্জ পৌরসভায় ৭ মাসের বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতি। ছবি: ঢাকাপ্রকাশ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভায় সাত মাসের বকেয়া বেতন পরিশোধ এবং প্রশাসকের সঙ্গে কর্মকর্তা-কর্মচারীদের ভালো আচরণের দাবিতে কর্মবিরতি পালন করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা এই কর্মবিরতি শুরু করেন। তাদের দাবি, দীর্ঘ সাত মাস ধরে বেতন বকেয়া থাকায় তারা আর্থিক সংকটে পড়েছেন। পাশাপাশি পৌর প্রশাসকের কাছ থেকে ভালো আচরণও প্রত্যাশা করছেন তারা।

কর্মবিরতি চলাকালে বক্তব্য দেন গোবিন্দগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ মামুন মিয়া, সাধারণ সম্পাদক ফিরোজ কবীর প্রধান, সাংগঠনিক সম্পাদক রুবেল মিয়া, পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা ছাইদুর রহমান, স্যানিটারি পরিদর্শক মামুনুর রশিদ চৌধুরী, জরিপকারী আনোয়ার হোসেন, লাইসেন্স পরিদর্শক সামিউল ইসলাম সৌরভ ও ভান্ডাররক্ষক মিজানুর রহমানসহ অন্যরা।

বক্তারা অবিলম্বে তাদের ন্যায্য দাবি মেনে নেওয়ার আহ্বান জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।

কর্মচারীরা জানান, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই কর্মবিরতি চলবে।

এ বিষয়ে জানতে গোবিন্দগঞ্জ পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।