সারাদেশ
পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন: এমপি শওকতুল
মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য শওকতুল ইসলাম শকুর এক বক্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
তিনি দাবি করেছেন, বিশ্বের সেরা প্রধানমন্ত্রীর জন্য যদি নোবেল পুরস্কার দেওয়া হয়, তবে তা তারেক রহমানই পাবেন।
মঙ্গলবার (২ জুন) কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়ন বিএনপি আয়োজিত সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
শওকতুল ইসলাম শকু বলেন, তারেক রহমান দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মাঝে এক ধরনের উদ্বেগও কাজ করে যদি কোনো কারণে তাকে হারাতে হয়, তাহলে তারা নেতৃত্বহীন হয়ে পড়বেন।
তিনি আরও বলেন, তারেক রহমান কেবল বাংলাদেশের নয়, বিশ্বপর্যায়ের নেতায় পরিণত হয়েছেন। তার কর্মতৎপরতা বিবেচনায় বিশ্বে যদি কাউকে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করা হয়, তাহলে তারেক রহমানই সেই সম্মান অর্জন করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
পৃথিমপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ বুরহান উদ্দিন ময়েজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আহমেদুর রহমান মুরাদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সাবেক আহ্বায়ক রেদওয়ান খান, রাউৎগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল জামালসহ অন্যান্য নেতারা।
এ বক্তব্য ঘিরে ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।