সারাদেশ
শাহজালাল মাজারের দানবাক্সে ৪ দিনে মিলল ১৭ লাখ ৬৫ হাজার টাকা
সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারে স্থাপিত নতুন দানবাক্স খুলে চার দিনের দানের অর্থ গণনা করেছে জেলা প্রশাসন। এ সময়ে দানবাক্সগুলোতে জমা হয়েছে ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা, ৭ আনা ওজনের স্বর্ণালঙ্কার এবং ১০ সৌদি রিয়াল।
সোমবার (২২ জুন) সকালে বিদায়ী জেলা প্রশাসক ও মাজার প্রশাসক মো. সরওয়ার আলমের নির্দেশে মাজার প্রাঙ্গণে দানবাক্সগুলো খোলা হয়। প্রশাসনের তত্ত্বাবধানে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও বৈদেশিক মুদ্রা গণনা করা হয়।
গণনা শেষে জেলা প্রশাসন জানায়, উদ্ধার হওয়া সব অর্থ ও মূল্যবান সামগ্রী সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষণ করা হবে। এগুলো পরে সোনালি ব্যাংকে হযরত শাহজালাল (রহ.)-এর নামে খোলা সরকারি হিসাবে জমা দেওয়া হবে।
দীর্ঘদিন ধরে মাজারে ভক্তদের দান খাদেমদের তত্ত্বাবধানে পরিচালিত হয়ে আসছিল। তবে আয়-ব্যয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে গত ১৮ জুন জেলা প্রশাসনের উদ্যোগে শতবর্ষী দান ব্যবস্থার কাঠামো পরিবর্তন করে নতুন দানবাক্স স্থাপন করা হয়।
এদিকে নতুন ব্যবস্থার কয়েক দিনের মধ্যেই জেলা প্রশাসক মো. সরওয়ার আলমের প্রত্যাহারের আদেশ জারি হয়। বদলির আদেশের আগের শেষ কর্মদিবসে দানবাক্সের অর্থ গণনার উদ্যোগ নেওয়া হয়, যা স্থানীয়ভাবে আলোচনার জন্ম দিয়েছে।
জেলা প্রশাসনের কর্মকর্তা ও ওয়াকফ অডিটর মো. সজল মিয়া জানান, প্রাপ্ত অর্থ, স্বর্ণ ও বৈদেশিক মুদ্রা যথাযথভাবে হিসাবভুক্ত করে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষণ ও ব্যাংকে জমা দেওয়া হচ্ছে।
সংশ্লিষ্টদের মতে, মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।