সারাদেশ
সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে বাস খাদে পড়ে নারী নিহত, আহত ২০
সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের জানিগাঁও এলাকায় যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের আরও অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন।
সোমবার (২৪ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রতন শেখ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৯টার দিকে সিলেট থেকে সুনামগঞ্জের দিকে যাচ্ছিল যাত্রীবাহী বাসটি। জানিগাঁও এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। পরে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই এক নারী নিহত হন। আহত হন বাসে থাকা অন্তত ২০ যাত্রী।
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, সুনামগঞ্জ সদর মডেল থানার পুলিশ এবং হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। আহতদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হচ্ছে।
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রতন শেখ বলেন, জানিগাঁও এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। আরও কয়েকজন আহত হয়েছেন। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধারকাজ চালাচ্ছেন।
তিনি জানান, তাৎক্ষণিকভাবে নিহত নারীর পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার কারণ এবং নিহত ও আহতদের বিস্তারিত পরিচয় জানতে পুলিশ কাজ করছে।