সারাদেশ
প্রবাসী স্বামীর অর্থে পড়াশোনা, সরকারি চাকরি পেয়েই তালাক
প্রবাসী স্বামীর আর্থিক সহায়তায় পড়াশোনা শেষ করে সরকারি চাকরি পাওয়ার প্রায় সাত মাসের মাথায় তাকে তালাক দেওয়ার অভিযোগ উঠেছে জান্নাতুল ফেরদৌস নামে এক নারীর বিরুদ্ধে। এ ঘটনায় মালয়েশিয়া প্রবাসী স্বামী সাইফুল ইসলাম বিপাকে পড়েছেন বলে অভিযোগ করেছেন তার স্বজনরা।
সাইফুল ইসলাম চাঁদপুরের শাহরাস্তি উপজেলার রায়শ্রী উত্তর ইউনিয়নের উনকিলা গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে। পারিবারিকভাবে ২০১৬ সালে রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের রঘুরামপুর গ্রামের মো. আনোয়ার হোসেনের মেয়ে জান্নাতুল ফেরদৌসের সঙ্গে তার বিয়ে হয়।
বিয়ের প্রায় চার মাস পর সাইফুল কর্মস্থল মালয়েশিয়ায় চলে যান। এরপর কয়েক বছর দেশে আসা যাওয়ার মধ্য দিয়ে তাদের সংসার চলছিল। একপর্যায়ে জান্নাতুল ফেরদৌস উচ্চশিক্ষার আগ্রহ প্রকাশ করলে তার স্বামী পড়াশোনার খরচ বহন করতে শুরু করেন বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
প্রথমে কুমিল্লা শহরে বাসা ভাড়া নিয়ে জান্নাতের এইচএসসি পড়াশোনার ব্যবস্থা করেন সাইফুল। পরে ঢাকায় একটি কোচিং সেন্টারে ভর্তি হওয়ার আগ্রহ প্রকাশ করলে সেখানেও তার পড়াশোনার ব্যয় বহন করেন বলে জানান সাইফুলের স্বজনরা।
সাইফুল ইসলামের দাবি, সরকারি চাকরি পাওয়ার আশায় প্রায় চার বছর ধরে তিনি জান্নাতের পড়াশোনা ও কোচিংয়ের খরচ বহন করেছেন। একপর্যায়ে জান্নাত তাকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে সরকারি চাকরি পাওয়ার কথা জানান। এতে তিনি ও তার পরিবার আনন্দিত হন।
সাইফুলের ভাষ্য, পরে জান্নাত চাকরির সংশ্লিষ্ট কর্মচারী সমিতির মাধ্যমে জমি বা প্লট কেনার জন্য এককালীন ও মাসিক কিস্তিতে অর্থ দেওয়ার কথা জানিয়ে তাকে একটি আবেদনপত্রের কপি পাঠান। ওই আবেদনে তাকে নমিনি করা হয়েছিল বলেও দাবি করেন তিনি।
সাইফুল জানান, দেশে ফেরার প্রস্তুতি নেওয়ার কথা জানালে জান্নাত তাকে আরও কয়েক বছর বিদেশে থাকার পরামর্শ দেন। দেশে ফিরলে বিভিন্ন স্বর্ণালংকার ও অন্যান্য জিনিসপত্র দেওয়ার দাবিও করা হয় বলে অভিযোগ তার। পরে জান্নাতের সঙ্গে আগের মতো নিয়মিত যোগাযোগ না হওয়ায় সন্দেহ তৈরি হয়। গত জুলাই মাসে তাকে না জানিয়ে দেশে ফেরেন সাইফুল। এরপর স্বামী স্ত্রীর সম্পর্কে অবনতি ঘটে এবং একপর্যায়ে জান্নাত তাকে তালাক দেন বলে দাবি করেন তিনি।
এ বিষয়ে জান্নাতের পরিবারের বক্তব্য জানতে তাদের বাড়িতে গেলে তার বাবা আনোয়ার হোসেনকে পাওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে তার মা আড়ালে চলে যান। তবে প্রতিবেদকের সঙ্গে কথা বলেন জান্নাতের ছোট ভাই ফয়সাল।
ফয়সাল তালাকের নোটিশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, তার বোনের ভাষ্য অনুযায়ী, স্বামী বিদেশে থাকাকালে তার খোঁজখবর রাখতেন না। এ কারণে জান্নাত তাকে তালাক দিয়েছেন। তবে জান্নাতের পড়াশোনা, কোচিং এবং ঢাকায় থাকা খাওয়াসহ বিভিন্ন ব্যয় তার স্বামীর অর্থে হয়েছে বলে স্বীকার করেন ফয়সাল।
জান্নাতের চাচা ও একই বাড়ির বাসিন্দা এবং ইউপি সদস্য মো. শাহজাহানের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোনো বক্তব্য দিতে রাজি হননি। তিনি বিস্তারিত জানার জন্য জান্নাতের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।
অভিযোগের বিষয়ে জান্নাতুল ফেরদৌসের বক্তব্য জানতে তার ব্যক্তিগত মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। ফলে এ বিষয়ে তার সরাসরি বক্তব্য পাওয়া যায়নি।